২১ মার্চ ২০২৬, ০৭:০৮

ঈদের আগের রাতে রাজধানীতে ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

রাজধানীতে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছেন  © প্রতীকী ছবি

ঈদের আগের রাতে রাজধানীর হাতিরঝিলে ছুরিকাঘাতে মো. রাব্বি (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাতে মগবাজারের মধুবাগ মাদ্রাসা খেলার মাঠসংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে। সে মগবাজারের আঞ্জুমান হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলায়। সেখানকার ফুলতলা গ্রামের রংমিস্ত্রি মো. ফারুকের ছেলে। 

পরিবারের সঙ্গে মগবাজারের চেয়ারম্যান গলিতে ভাড়া বাসায় থাকত রাবি। দুই ভাইয়ের মধ্যে বড় ছিল সে। রাব্বির পরিচিত স্থানীয় বাসিন্দা কাজী সিয়াম আবদুল্লাহ জানান, ইফতারের পর রাব্বি দুই বন্ধুকে নিয়ে মধুবাগ খেলার মাঠসংলগ্ন এলাকায় যায়। সেখানে গল্প করছিল। এ সময় এলাকার উজ্জ্বল নামে এক বখাটেসহ পাঁচ-ছয়জন ঘিরে ধরে তাদের। 

তর্কবিতর্কের মধ্যে একপর্যায়ে রাব্বির বুকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় রাব্বিকে প্রথমে স্থানীয় কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ‘নতুন জামা কাউকে দেখালে ঈদ শেষ হয়ে যাবে’

রাব্বির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। রাতে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক পার্থ সারথি দাস বলেন, এখনো মামলা হয়নি। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।