৪ লাখ টাকার জাল নোট উদ্ধার, নারীসহ আটক ২
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে আশুলিয়ার আমবাগান এলাকার মিজানুর রহমানের ভাড়াবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা হাউজিং এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার তন্নী (২৬) এবং আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন (২৮)। সানজিদা ওই এলাকার মিজানুর রহমানের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আমবাগান এলাকার একটি ভাড়া বাড়িতে কিছু জাল টাকার কারবারি বিপুল পরিমাণ জাল টাকা নিয়ে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে ভাড়াটিয়া সানজিদার বাসা থেকে ১ হাজার টাকার ৪০০টি জাল নোট (মোট ৪ লাখ টাকা) উদ্ধার করা হয়। এ সময় সানজিদা ও সাদ্দামকে আটক করা হয়।
আরও পড়ুন: হাদীর কান্না দেখে কাঁদছে সবাই
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ‘রাতে ৪ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
তদন্তে জানা যায়, এর আগেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন আটককৃত সানজিদা। ২০১৯ সালের ১৯ ডিসেম্বর রাতে নবীনগর এলাকার একটি বাস কাউন্টারের সামনে থেকে ৩৮০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছিল ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারও আগে একই বছরের নভেম্বরে তার মা ও ছোট ভাইকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তারা দীর্ঘদিন ধরে নবীনগর, ডেন্ডাবর, পল্লী বিদ্যুৎ, নিরিবিলি, নয়ারহাট ও বাইপাইল এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসায় জড়িত ছিল বলেও জানায় ডিবি পুলিশ।