২৬ অক্টোবর ২০২৬, ১২:২২

সবার রেকর্ড ভেঙে দিলেন তাসকিন

বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা তাসকিন আহমেদ  © সংগৃহীত

বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা তাসকিন আহমেদ। তিন ফরম্যাটেই বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন এই ডানহাতি পেসার। মাঠের পারফরম্যান্সের সেই প্রতিফলন দেখা গেল ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্টের দল গঠনেও।

তাসকিনকে দলে পেতে একাধিক দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলেছে। শেষ পর্যন্ত সব প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে রেকর্ড ২ কোটি ১০ লাখ পয়েন্টে এই পেসারকে দলে ভিড়িয়েছে ওয়ালটন।

শুধু তাসকিনই নন, বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ককে দলে পেতেও ছিল দলগুলোর মধ্যে তুমুল লড়াই। তবে শেষ পর্যন্ত ১ কোটি ৫০ লাখ পয়েন্টে তাকে দলে নিয়েছে ওয়ালটন। ফলে দুই তারকা ক্রিকেটারকে দলে ভেড়াতে বড় অঙ্কের পয়েন্ট খরচ করেছে দলটি।

এদিকে দুই কোটি পয়েন্টে দল পেয়ে রেকর্ড গড়েছিলেন তানজিদ হাসান তামিম। তুমুল প্রতিযোগিতার পর শেষ পর্যন্ত রেকর্ড ২ কোটি পয়েন্টে তানজিদকে দলে নেয় ফরচুন।

অন্যদিকে হাসান মাহমুদ ও ওপেনার সাইফ হাসানকেও নিয়েও কাড়াকাড়ি হয় নিলামে। যেখানে সাইফকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে সেভেন রিংস সিমেন্ট এবং একই পরিমাণ পয়েন্টে হাসানকে দলে নেয় এইস ব্লু স্টার।

আরও খবর: তানজিদকে নিয়ে নিলামে কাড়াকাড়ি, ভাঙলেন শান্তর রেকর্ড

এ ছাড়া ৭৫ লাখ পয়েন্টে ফরচুন কিনে নিয়েছে সৌম্য সরকারকেও। ৮০ লাখ পয়েন্টে তাইজুল ইসলামকে কিনেছে সেভেন রিংস সিমেন্ট। ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে নাজমুল হোসেন শান্তকে দলে নিয়েছে ফরচুন।

এবারের নিলামে মোট ২৮১ জন ক্রিকেটারের নাম থাকলেও নিলামে তোলা হচ্ছে ২৭৫ জনকে। বাকি ছয়জন আইকন ক্রিকেটার হিসেবে আগেই দল পেয়েছেন। তাদের মধ্যে নুরুল হাসান সোহান ব্লুস্টারে, তাওহীদ হৃদয় ফরচুনে, মোসাদ্দেক হোসেন সৈকত একমিতে, মোহাম্মদ নাঈম শেখ সিটিজেন ব্যাংকে, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্টে এবং মেহেদী হাসান মিরাজ ওয়ালটনে খেলবেন।

নিলামে থাকা ২৭৫ ক্রিকেটারের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন ১৭ জন, ‘বি’ ক্যাটাগরিতে ২৪ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৭০ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন এবং ‘ই’ ক্যাটাগরিতে রয়েছেন ১১২ জন ক্রিকেটার।