২ তারকাকে ছাড়াই বাংলাদেশ সফরের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ঘোষিত দলে কেভিন উইকহ্যাম প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন। তবে ব্যক্তিগত সিদ্ধান্তে দল থেকে সরে দাঁড়িয়েছেন পেসার আলজারি জোসেফ। অন্যদিকে, ওয়ার্কলোড ব্যবস্থাপনার অংশ হিসেবে সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া ওপেনার জন ক্যাম্পবেল সুস্থ হয়ে টেস্ট দলে ফিরেছেন। এক বিবৃতিতে আলজারি জোসেফের দল থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। বোর্ড জানিয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিডব্লিউআইয়ের ভাষ্য অনুযায়ী, লাল বলের ক্রিকেটে অতিরিক্ত শারীরিক চাপ ও চোটের ঝুঁকি কমাতেই জোসেফকে টেস্ট দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে তারও সম্মতি রয়েছে। তবে সীমিত ওভারের ক্রিকেটে তার খেলার সম্ভাবনা পুরোপুরি বন্ধ হয়নি।
আরও পড়ুন: আফগানিস্তান সিরিজের সূচিতে ফের পরিবর্তন
মেডিকেল দলের মতে, বাংলাদেশে টানা দুটি টেস্টে পেসারদের দীর্ঘ সময় ধরে গতিময় বোলিং করতে হয়, যা সংক্ষিপ্ত ফরম্যাটের তুলনায় বেশি শারীরিক ধকল তৈরি করে।
জোসেফের পরিবর্তে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন অলরাউন্ডার কিমো পল। অন্যদিকে হোপের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন উইকহ্যাম। ঘরোয়া প্রতিযোগিতায় ৭৮.৬০ গড়ে ৩৯৩ রান করে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন উইকহ্যাম। এ ছাড়া ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ছয়টি সেঞ্চুরিসহ ৪০.৮৮ গড়ে রান করেছেন তিনি।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে, পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে ক্যারিবীয়রা।
আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেটে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল।
ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড:
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম