বেগম জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন তামিম ইকবাল
এক সময়ে দেশের ক্রিকেটের অন্যতম ভরসার নাম ছিলেন তামিম ইকবাল। অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছেন, ব্যাট হাতে অসংখ্য গুরুত্বপূর্ণ ইনিংসে বহু স্মরণীয় জয়ের উল্লাসেও মাতিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে নিজেকে দেশসেরা ওপেনার হিসেবেও অভিহিত করেছেন।
খেলোয়াড়ি জীবনে একের পর এক সাফল্যের পর এবার প্রশাসনিক দায়িত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে চট্টগ্রামের এই প্রিয়মুখকে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে ক্রিকেটের উন্নয়নে চমকপ্রদ বেশকিছু কাজ করছেন।
ক্রিকেটে দীর্ঘদিনের অবদান, নেতৃত্বগুণ এবং দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে এবার সম্মানিত হতে যাচ্ছেন তামিম। বিএনপির সাবেক চেয়ারপার্সন ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে প্রবর্তিত ‘বেগম জিয়া স্মৃতি স্বর্ণপদক’-এ ভূষিত করা হবে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে।
জানা গেছে, খালেদা জিয়া স্মরণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি (ইনক) এ স্বর্ণপদক চালু করেছে। এবার ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মাননায় ভূষিত করা হচ্ছে। তামিম ছাড়াও সাফজয়ী সাবেক গোলরক্ষক ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই তালিকায় আছেন।
আরও পড়ুন: আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট যে ৫ দল
এ ছাড়া বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন; প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ও ইসমাইল জবিউল্লাহ পুরস্কারপ্রাপ্তদের তালিকায় রয়েছেন।
তালিকায় আরও আছেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, মায়ের ডাক সংগঠনের সানজিদা ইসলাম তুলী, সাহিত্যিক ড. মাহবুব হাসান, সাংবাদিক আশরাফ কায়সার, শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার, ব্যবসায়ী আবদুল হক এবং খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগম।