একাদশে ভর্তি নিশ্চায়ন করেও দ্বিতীয় ধাপে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের যে পরামর্শ দিল বোর্ড
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের কার্যক্রম শেষ হয়েছে গত ২২ সেপ্টেম্বর। এ ধাপে দেশের বিভিন্ন কলেজে অনেক শিক্ষার্থী নির্বাচিত হন। তাদের অনেকে ফি জমা দিয়ে ভর্তি নিশ্চায়নও করেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেননি। এ সকল শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদন করতে গিয়ে নতুন জটিলতায় পড়েছেন। এসব শিক্ষার্থীদের বোর্ডে এসে আগের আবেদন বাতিল করে পুনরায় আবেদন করার পরামর্শ দিয়েছে শিক্ষাবোর্ড।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির।
তিনি বলেন, যারা কলেজ পরিবর্তন করতে চাচ্ছে এবং আবার নতুন করে সুযোগ নিতে চাচ্ছে, তাদের জন্য নিয়মটা আমরা ওয়েবসাইটে বলে দিয়েছি। তাদের সহজ লিখিত একটি আবেদন নিয়ে আসতে হবে। সঙ্গে এসএসসির রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্রও আনতে হবে। এরপর তাদের সরাসরি নিজ নিজ বোর্ডে আসতে হবে। বোর্ডে আসার পর আমরা ওই আবেদন দেখে সঙ্গে সঙ্গে আগের আবেদনটি বাতিল করে দেব। এরপর তারা আবার নতুন করে আবেদন করতে পারবে। পাঁচ মিনিটের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।
আরও পড়ুন: একাদশে ভর্তি আবেদনের সময় আরও এক দফায় বাড়ছে
তিনি আরও বলেন, এ ক্ষেত্রে একটা বিষয় বলি। এটা আমরা অনলাইনে হয়তো করতে পারতাম। কিন্তু গত ১০ বছরের প্র্যাকটিস অনুযায়ী এটা অনলাইনে নয়, অফলাইনে করা হয়। এর কারণ হচ্ছে, অনলাইনে যদি আবেদন বাতিলের ব্যবস্থা করা হতো, তাহলে দেখা যেত কারও আবেদন বাতিল হয়ে গেছে। তখন এটি নিয়ে তার নতুন একটি জটিলতা তৈরি হতে পারত। সে জন্যই আমরা অফলাইনে করার নিয়ম রেখেছি।
কলেজ পরিদর্শক বলেন, সাধারণভাবে প্রার্থী নিজে, তার মা অথবা বাবা বোর্ডে আসবেন। তবে বিশেষ কোনো ক্ষেত্রে তাদের পরিচিত কেউ এসেও বিষয়টি করতে পারবেন। আবেদনটি জমা দিলে আমরা আগের আবেদনটি বাতিল করে দেব। এরপর সে মুহূর্তের মধ্যেই নতুন করে আবেদন করতে পারবে। আর যারা প্রথমবার আবেদন করেছিল, দ্বিতীয়বারও আবেদন করেছে, কিন্তু আমরা তাদের কোনো কলেজ দিতে পারিনি, তাদের দ্বিতীয়বার আবেদনের সময় টাকা দিতে হবে না। বিষয়টি আমাদের নোটিশেও উল্লেখ করা আছে।
অধ্যাপক মুনসী হুমায়ুন কবির বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা আবেদনের সময়সীমা আবারও বাড়িয়ে দিচ্ছি। আমাদের ২৭ ও ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় ছিল। এটা আমরা ১ অক্টোবর পর্যন্ত নিয়ে যাচ্ছি। শিক্ষার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। আমরা একটা ফ্লেক্সিবল জায়গায় নিয়ে যাচ্ছি। অসুবিধা হবে না, ইনশাআল্লাহ।