১১ আগস্ট ২০২৬, ০৯:৪৮

এসএসসি উত্তীর্ণদের একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটরডেম কলেজ

নটরডেম কলেজ  © সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শিগগিরই একাদশে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। কলেজ পর্যায়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের পছন্দের যেসব প্রতিষ্ঠান থাকে, তার মধ্যে শীর্ষাস্থানীয় নটরডেম কলেজ। তবে এবার প্রতিষ্ঠানটি কীভাবে ভর্তি নেবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি।

সোমবার (১০ আগস্ট) এসএসসির ফল প্রকাশের পর কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নটর ডেম কলেজের ভর্তিচ্ছু ছাত্রদের জানানো যাচ্ছে যে, ভর্তির বিষয়ে শিক্ষা বোর্ডের নীতিমালা পাওয়ার সাথে সাথে অত্র কলেজের ভর্তিসংশ্লিষ্ট যাবতীয় তথ্য নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

চলতি বছর কলেজ পর্যায়ের এইচএসসি ও সমমানের পড়াশোনার জন্য আসন সংখ্যা ২৫ লাখ। তবে পাসের হার কমায় আসন সংখ্যা অর্ধেকের বেশি শূন্য থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বর্তমান সভাপতি ও ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান।

আরও খবর: নতুন নিয়মে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ

সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে ভর্তি শেষ করতে হবে বলেও জানিয়েছেন তিনি। এবার এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ। ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছেন। ফলে সাড়ে ১৩ লাখ আসন শূন্য থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। 

আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে আগের মতোই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হবে বলে অনুষ্ঠানে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পুরোনো পদ্ধতি অর্থ্যাৎ মার্ক বা জিপিএ পদ্ধতিতে একাদশে ভর্তি হবে।