গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু
শেরপুরের শ্রীবরদীতে গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে বরকত আলী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বরকত আলী মধ্য মাদারপুর গ্রামের মৃত হাছেন আলী মণ্ডলের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির উঠানে একটি গাছে উঠে ডাল কাটছিলেন বরকত আলী। এ সময় গাছে থাকা ভিমরুলের চাক থেকে ঝাঁকে ঝাঁকে ভিমরুল বেরিয়ে তাকে আক্রমণ করে। প্রাণে বাঁচতে একপর্যায়ে তিনি গাছ থেকে নেমে পুকুরে ঝাঁপ দেন।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।