১৭ অক্টোবর ২০২৬, ১৯:২৩

চুয়াডাঙ্গা সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণ জব্দ

জব্দ করা স্বর্ণের বার  © সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ৬টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. দবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। 

শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মুন্সিপুর সীমান্তে এ অভিযান চালায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। হাবিলদার মো. আল আমিনের নেতৃত্বে মুন্সিপুর বিওপির একটি টহলদল সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে তাঁকে আটক করে। আটক দবির উদ্দিন মুন্সিপুর গ্রামের মো. দলিলের ছেলে।

আরও পড়ুন: একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।