রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় একটি ইজিবাইকও দুর্ঘটনার কবলে পড়ে। এতে ইজিবাইক চালক নুর আলম সিদ্দিকী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে আব্দুস সামাদ মোটরসাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রুপসা পরিবহনের একটি বাস কালীগঞ্জের দিকে আসার পথে একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইক চালক নুর আলম সিদ্দিকী গুরুতর আহত হন। একই সময় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুস সামাদ ঘটনাস্থলেই মারা যান।
আহত ইজিবাইক চালক নুর আলম সিদ্দিকীকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়।
আরও দেখুন: দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
কালীগঞ্জের স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর কবির বলেন, ‘পৌরসভার কসাইখানা পরিদর্শক আব্দুস সামাদ পৌরসভার আদায়ের কাজে বৈশাখী মোড়ের দিকে যাচ্ছিলেন। এরই মধ্যে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পৌরসভার কসাইখানা পরিদর্শক আব্দুস সামাদকে মৃত অবস্থায় দেখতে পান। দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়েছে।’