২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল পল্লিচিকিৎসকের

পল্লিচিকিৎসক মহসিন  © সংগৃহীত

ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মহসিন নামে এক পল্লিচিকিৎসক নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টম্বর) দুপুরে চরফ্যাশন থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মহসিন মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান।

আরও পড়ুন: কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠান, ফের বাড়ল সময়

পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মহসিন দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসক হিসেবে স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।