২৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪০

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

কামরুল ইসলাম রাকিব  © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল কামরুল ইসলাম রাকিব (৩০) ‍চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত রাকিবের গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামে। তার বাবা এ কে এম আনিছুর রহমান অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা। রাকিব কেন্দুয়া পৌরসভার শান্তিনগর এলাকায় বসবাস করতেন। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন এবং তার কর্মস্থল ছিল কিশোরগঞ্জ।

পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার বেলা ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে কেন্দুয়ায় মোটরসাইকেলযোগে আসার সময় কেন্দুয়ার রায়পুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাই সাইকেলের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। এতে রাকিব গুরুতর আহত হলে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে অবস্থার আরও অবনতি ঘটলে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং আজ তার মৃত্যু হয়।

আরও পড়ুন: দুই বিশ্ববিদ্যালয়ে একই দিনে একই ইউনিটের ভর্তি পরীক্ষা, যা বলছেন উপাচার্যরা

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম বলেছেন, ‘শুনেছি কিশোরগঞ্জে কর্মরত রাকিব নামের এক পুলিশ কনস্টেবল তিন দিন আগে উপজেলার রায়পুর নামক স্থানে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হন এবং আজ সন্ধ্যার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজে মারা যান। তার ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হবে।’