২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০

মালিকবিহীন অবস্থায় সোয়া ৪০ লাখ টাকার দুই কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

কষ্টিপাথরের মূর্তি উদ্ধার  © টিডিসি ফটো

নওগাঁ শহরের বষাইল এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪০ কেজি ৩০০ গ্রাম ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও টাস্কফোর্সের সদস্যরা। উদ্ধার করা মূর্তিগুলোর সিজার মূল্য ৪০ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

রবিবার দিবাগত রাত পৌনে ১১ টার দিকে নওগাঁ শহরের বষাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়।

জানা যায়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অ্যাডজুডেন্ট বিজিডিও-২৬৬ এডি মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিশেষ টহলদল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্ত বর্মন এবং পুলিশের এসআই মো. হারুনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে ২৮ কেজি ১৫০ গ্রাম ও ১২ কেজি ১৫০ গ্রাম ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মূর্তি দুটির মোট ওজন ৪০ কেজি ৩০০ গ্রাম।

আরও দেখুন: উচ্চশিক্ষিত নারীদের ৯৫ শতাংশই কর্মজীবনের বাইরে, আয় কম, কর্মসংস্থানেও বড় ব্যবধান

নওগাঁ ব্যাটালিয়নের এডি মো. দেলোয়ার হোসেন জানান, উদ্ধার করা মূর্তি দুটি বর্তমানে নওগাঁ ব্যাটালিয়নের কোয়ার্টার গার্ডের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ও প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।