ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সহদেবপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ১৭ থেকে ১৮ বছর।
তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে ফেনী রেলওয়ে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়। রেলক্রসিং থেকে আনুমানিক ২০ গজ দূরে এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, রেললাইনে হাঁটা অথবা লাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
আরও দেখুন: ১২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
এ ব্যাপারে ফেনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মো. মাসুদুর রহমান বলেন, ‘খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের নাম-পরিচয় ও স্বজনদের সন্ধানের চেষ্টা চলছে। মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’