মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পেছনে একটি পুরোনো চারতলা ভবনের ছাদে আগুন লাগার ঘটনায় সতর্কতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ভবনটির তৃতীয় তলায় থাকা বৈদ্যুতিক সাব-স্টেশনের কাছাকাছি আগুন লাগায় এ সতর্কতা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটির ছাদে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের কাছেই ভবনটির তৃতীয় তলায় একটি বৈদ্যুতিক সাব-স্টেশন রয়েছে।
আরও দেখুন: ভিকারুননিসায় একাদশে ভর্তি: তথ্য ফরম পূরণের সময়সূচি প্রকাশ
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পাশে একটি পুরোনো চারতলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগে। তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।’