০১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৩

প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে আইনি নোটিশ

ব্যাটারিচালিত রিকশা  © টিডিসি সম্পাদিত

প্যাডেল রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ করে নিরাপদ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন ও নীতিমালা প্রণয়নের দাবিতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জনস্বাস্থ্য, পরিবেশ ও জাতীয় অর্থনীতি রক্ষায় প্রাইভেট কারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবিও জানানো হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জনস্বার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, দেশের মোট জনসংখ্যার ১ শতাংশেরও কম মানুষ প্রাইভেট কার ব্যবহার করেন। অথচ এই অল্পসংখ্যক মানুষের প্রাইভেট কার সড়কের বড় একটি অংশ দখল করে রাখে। এসব গাড়িতে প্রতিদিন বিপুল পরিমাণ আমদানিকৃত জ্বালানি ব্যবহারের কারণে রাষ্ট্রের মূল্যবান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সরকারি জ্বালানি ভর্তুকির ওপর অযৌক্তিক অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে।

এতে আরও বলা হয়, ব্যক্তিগত গাড়ি থেকে নির্গত কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং সূক্ষ্ম বস্তুকণার মতো বিষাক্ত পদার্থ বায়ুদূষণ ঘটাচ্ছে। এর ফলে জনস্বাস্থ্য ও মানুষের ‘জীবনের অধিকারের’ জন্য মারাত্মক হুমকি তৈরি হচ্ছে।

অন্যদিকে, দেশের ৯৯ শতাংশ মানুষ দৈনন্দিন যাতায়াতের জন্য গণপরিবহন ও রিকশার ওপর নির্ভরশীল বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। চরম অর্থনৈতিক সংকট ও বিকল্প কর্মসংস্থানের অভাবে প্রান্তিক নাগরিকরা বাধ্য হয়ে প্যাডেল রিকশা চালানোর মতো কঠোর কায়িক শ্রমে যুক্ত হচ্ছেন।

নোটিশে দাবি করা হয়, দাবদাহ, বৃষ্টি, যানজট ও প্রতিকূল পরিবেশে যাত্রীবোঝাই রিকশা টানার মতো কঠোর পরিশ্রমের কারণে দীর্ঘস্থায়ী পেশি ও অস্থিসন্ধির ক্ষয়, অকাল বার্ধক্য এবং অপুষ্টির মতো সমস্যা তৈরি হচ্ছে। নিছক বেঁচে থাকার তাগিদে এ শ্রম কোনোভাবেই স্বেচ্ছায় গ্রহণ করা পেশা নয়; বরং এটি দারিদ্র্যের শৃঙ্খলে আবদ্ধ এক ধরনের নির্মম ‘আধুনিক দাসত্ব’।

সংবিধানের ৩৪ অনুচ্ছেদ অনুযায়ী জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ হওয়ায় সরকারকে অবিলম্বে প্যাডেল রিকশা বন্ধের উদ্যোগ নিতে হবে বলেও নোটিশে দাবি করা হয়েছে। প্রযুক্তিগত অগ্রগতি ও প্রোডাক্ট লাইফ সাইকেল তত্ত্ব অনুযায়ী, ব্যাটারিচালিত রিকশা স্থানীয় পরিবহনের একটি স্বাভাবিক, প্রয়োজনীয় ও মানবিক আধুনিক রূপ বলেও নোটিশে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, দেশের বিপুলসংখ্যক মানুষ ব্যাটারিচালিত রিকশার ওপর নির্ভরশীল।

ফলে এ পরিবহন নিষিদ্ধ করা হলে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হবে এবং হাজারো শ্রমজীবী মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। তাই গতি, ব্রেকিং সিস্টেম, ব্যাটারির মান, কাঠামোগত নিরাপত্তা এবং বৈজ্ঞানিক চার্জিং ব্যবস্থাসহ একটি সুস্পষ্ট নীতিমালার মাধ্যমে নিরাপদ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন দেওয়ার দাবি জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, ব্যাটারিচালিত রিকশায় ব্যবহৃত বিদ্যুৎ রাষ্ট্রীয় সম্পদের অপচয় নয়। বরং দেশের ৯৯ শতাংশ মানুষের যাতায়াত, কর্মসংস্থান, বাজারে যাতায়াত, স্কুল-কলেজে যাওয়া, চিকিৎসা গ্রহণ ও দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এ বিদ্যুৎ ব্যবহার যৌক্তিক ও ন্যায়সংগত।

আরও দেখুন: ফেলোশিপ নিয়ে গবেষণার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

এতে বলা হয়, বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারিচালিত রিকশা চালানো মানে রাষ্ট্রীয় সম্পদ এমন জনগোষ্ঠীর জন্য ব্যবহার করা, যারা দেশের অর্থনীতি ও শ্রমবাজারকে প্রতিদিন সচল রাখে। এটি জাতীয় সম্পদের সুষম বণ্টনের নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন নোটিশে আরও উল্লেখ করেন, সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা প্রত্যেক নাগরিকের পবিত্র দায়িত্ব। জনস্বাস্থ্য, পরিবেশ ও জাতীয় অর্থনীতি রক্ষায় সরকারকে অবিলম্বে প্রাইভেট কারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং উচ্চহারে পরিবেশ কর ধার্য করতে হবে।

একই সঙ্গে বেকারত্ব দূর করতে রাইড শেয়ারিং, রেন্ট-এ-কার ও মিটারভিত্তিক গাড়ি সেবাকে উৎসাহিত করার দাবিও জানানো হয়েছে। নোটিশে আগামী ১০ দিনের মধ্যে প্যাডেল রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ, নিরাপদ ব্যাটারিচালিত রিকশার নীতিমালা প্রণয়ন এবং প্রাইভেট কার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী জনস্বার্থে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।