২৯ আগস্ট ২০২৬, ১৭:১২

গাজীপুরে ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুর জেলার মানচিত্র  © সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে জাহিদ হাসান (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর থেকে নিখোঁজ ছিল শিশুটি।

শনিবার (২৯ আগস্ট) সকালে কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহা. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত জাহিদ হাসান উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ আগস্ট দুপুর থেকে জাহিদ নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের সদস্যরা কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরও পড়ুন: বদলি নীতিমালার ৬ অসঙ্গতি জানিয়ে যে দাবি জানাল সর্বজনীন বদলি ফোরাম

শনিবার সকাল আটটার দিকে মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ব্রহ্মপুত্র নদে স্থানীয় বাসিন্দারা শিশুটির মরদেহ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কাপাসিয়া থানার এসআই মোহা. নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।