২৯ আগস্ট ২০২৬, ১৩:০৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট  © সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার পথে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল আটটা থেকে সোনারগাঁয়ের আশরিয়ারচরে ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরুর পর এ যানজটের সৃষ্টি হয়। শনিবার (২৯ আগস্ট) সকাল আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কের ঢাকাগামী লেনে তীব্র যানজট ছিল।যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। এর মধ্যে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে যানজটে আটকে থেকে মারা গেছেন এক রোগী। 

মারা যাওয়া রোগীর নাম আমিরুন্নেছা। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।

যানজটের কারণে গাড়ি আর এগোতে পারেনি। চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত তিনটার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন: এক ছাতার নিচে নেই সব আঘাতের চিকিৎসা, মুমূর্ষু রোগীই দৌড়ান হাসপাতালে হাসপাতালে

রোগীর স্বজন তারেক আল হাসান বলেন, শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর রাত আটটার দিকে স্বজনেরা আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন। রাত ১১টার দিকে তারা কুমিল্লার দাউদকান্দিতে পৌঁছান। তবে যানজটের কারণে গাড়ি আর এগোতে পারেনি। চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত তিনটার দিকে তিনি মারা যান।

মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম জানান, সোনারগাঁর আশরিয়ারচরে ঢাকাগামী লেনে শুক্রবার সকাল আটটায় সংস্কারকাজ শুরু হওয়ার কারণে এ যানজটের সৃষ্টি হয়। যানজট এখনো আছে। প্রচণ্ড গরমের মধ্যে যানবাহনের চালক ও যাত্রীদের ভোগান্তি নিরসনে হাইওয়ে পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করছে।