২৭ আগস্ট ২০২৬, ১৭:০৭

ময়মনসিংহ মেডিকলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল  © সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছুইদা বানু (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতির তথ্য থেকে এ মৃত্যুর বিষয়টি জানা গেছে।

ছুইদা বানুর বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাসিন্দা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার (২৬ আগস্ট) দুপুরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ভর্তির কয়েক ঘণ্টা পরই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়তে পারে

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন কয়েকজন রোগী। বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১০৭ জন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র আরও জানায়, চলতি বছর এ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপও বাড়ছে।