২৩ মে ২০২৬, ১৪:৩৭

৩ ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরে গেল ১০ প্রাণ

সড়ক দূর্ঘটনা   © সংগৃহীত

দেশের তিন জেলায় মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে কুষ্টিয়া, যশোর ও দিনাজপুরে এসব দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও অন্তত ২৪ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে পাংশাগামী একটি ড্রামট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াভিমুখী একটি যাত্রীবাহী বাসের তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষে যাত্রীসহ বাসটি সড়ক থেকে উলটে পাশের একটি পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে ১০ থেকে ১৫ জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।

যশোরে দ্রুতগতির কাভার্ডভ্যান, ইজিবাইক ও রিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের বেতন কীভাবে বাড়বে? যা জানা যাচ্ছে

নিহতরা হলেন—যশোর সদর উপজেলার ঘুনি পূর্বপাড়ার হাসান আলী মোল্লার ছেলে ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), একই উপজেলার ঘোড়াগাছা সাহাপাড়ার সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪) এবং চাউলিয়া গ্রামের মৃত কালু শেখের ছেলে আনোয়ার আলী (৭০)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান চাউলিয়া তেল পাম্পের সামনে পৌঁছালে বিপরীতমুখী ইজিবাইক ও রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আইয়ুব আলী ও যাত্রী বৃষ্টি সাহা মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ আনোয়ার আলী মারা যান। বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন নিহত বৃষ্টি সাহার ৪ বছরের শিশু সন্তান সৌভিক সাহা এবং মণিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (২৮)। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেল নিয়ে আঞ্চলিক সড়ক থেকে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির মালবাহী ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রানীগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঘোড়াঘাট উপজেলার নূরপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে আলামিন (১৫), মগলিশপুর এলাকার সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) এবং আফসারাবাদ এলাকার সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম (২০)। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আরোহীরা মোটরসাইকেল নিয়ে আঞ্চলিক সড়ক থেকে রানীগঞ্জ বাজার বড় মসজিদের সামনে পাকা রাস্তার (মহাসড়ক) ওপর ওঠার সময় একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়েন। ঠিক একই সময়ে সামনে থাকা দিনাজপুরগামী আরেকটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আলামিন নামের এক কিশোরের মৃত্যু হয়। বাকি দুজনকে উদ্ধার করে দ্রুত ঘোড়াঘাট (ওসমানপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সকালে এক মোটরসাইকেলে তিন যুবক রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় মারা যান। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’