এভিপি থেকে ভিপি নিয়োগ দিচ্ছে মধুমতি ব্যাংক, কর্মস্থল ঢাকা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি মধুমতি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি হেড অব কমন সার্ভিসেস ডিভিশন (এভিপি-ভিপি) পদে একজন কর্মকর্তা নিয়োগ দেবে। এ পদে আবেদনের জন্য প্রার্থীর ব্যাংকিং খাতে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি
পদের নাম: হেড অব কমন সার্ভিসেস ডিভিশন (এভিপি-ভিপি)
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা
কর্মক্ষেত্র: অফিসে
বেতন ও সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন শেষ: ৯ ডিসেম্বর ২০২৬
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। ব্যাংকিং খাতে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।
আরও দেখুন: সিনিয়র ম্যানেজার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, কর্মস্থল ঢাকা
এ ছাড়া প্রার্থীর মৌখিক ও লিখিত যোগাযোগে দক্ষতা, সাংগঠনিক সক্ষমতা, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব এবং আন্তব্যক্তিক যোগাযোগের দক্ষতা থাকতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার পাশাপাশি সততা ও নির্ভরযোগ্যতাও প্রয়োজন।
কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন নিয়ম ও পদ্ধতি অনুসরণ, বাজেটের নির্দেশনা অনুযায়ী পরিকল্পনা তৈরি এবং তা বাস্তবায়নের যোগ্যতা থাকতে হবে।
দায়িত্ব ও কর্তব্য: নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যাংকের ক্রয়, সরবরাহ ও লজিস্টিকস কার্যক্রম পরিচালনা করতে হবে। ব্যাংকের নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ ও ন্যায়সংগতভাবে পণ্য ও সেবা কেনাকাটা নিশ্চিত করতে হবে। মূলধনি ব্যয় (ক্যাপেক্স) ও পরিচালন ব্যয়ের (ওপেক্স) পণ্য ও সেবা সাশ্রয়ী মূল্যে এবং নির্ধারিত সময়ে সংগ্রহ করতে হবে। সরবরাহকারী তালিকাভুক্তি, মূল্যায়ন ও চুক্তি ব্যবস্থাপনাও তার দায়িত্বের মধ্যে থাকবে।
কোনো পণ্য বা সেবা কেনার আগে ব্যয়-সুবিধা বিশ্লেষণ, ব্যয় সাশ্রয় এবং সর্বোচ্চ মূল্য সংযোজনের বিষয়গুলো বিবেচনা করতে হবে। পাশাপাশি ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা ও অন্যান্য অফিসের জন্য পণ্য সংরক্ষণ, মজুত এবং বিতরণ কার্যক্রম তদারকি করতে হবে। ব্যাংকের যানবাহন বহর, পরিবহন ও সম্পদ স্থানান্তর ব্যবস্থাপনাও করতে হবে। স্থায়ী সম্পদের নিবন্ধন ও ট্যাগিংয়ের তথ্য হালনাগাদ রাখতে হবে।
আরও দেখুন: এভিপি-ভিপি নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক, আবেদন শেষ ৩০ নভেম্বর
সাধারণ প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে প্রশাসনিক ব্যবস্থাপনা, নীতিমালা ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি, পর্যালোচনা ও উন্নয়নের দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে বিভাগের দৈনন্দিন কার্যক্রম তদারকি করতে হবে।
ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নিরাপত্তারক্ষী, সিসিটিভি, ভল্ট ও প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা তদারকি করতে হবে। অগ্নিনিরাপত্তা, জরুরি মহড়া এবং ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা পরিকল্পনা (বিসিপি) প্রস্তুত রাখাও এ পদের দায়িত্ব।
এ ছাড়া নতুন শাখা, উপশাখা, এটিএম ও কালেকশন বুথ চালু, স্থানান্তর এবং সংস্কারের ব্যবস্থা করতে হবে। অফিস ও শাখার ভবন ভাড়া, ইজারা চুক্তি ও নবায়ন, ভবন রক্ষণাবেক্ষণ, ইউটিলিটি সেবা এবং অন্যান্য অবকাঠামোগত সুবিধা ব্যবস্থাপনা করতে হবে। ব্যাংকের সব ব্যবসায়িক আউটলেটের ট্রেড লাইসেন্স নবায়ন এবং ব্র্যান্ডিংসংক্রান্ত বিষয়ও তদারকি করতে হবে। বিশেষ প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করে ব্যাংকের লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ নিশ্চিত করতে হবে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে শাখা ও উপশাখা খোলা, স্থানান্তর এবং বন্ধের প্রয়োজনীয় অনুমোদন সংগ্রহ করতে হবে। শাখার অবকাঠামো, নিরাপত্তা, নগদ অর্থের সুরক্ষা ও শাখা প্রতিষ্ঠাসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুসরণ নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন ও নিরীক্ষায় উত্থাপিত পর্যবেক্ষণের জবাব দেওয়া এবং নির্ধারিত সময়ে নিয়ন্ত্রক প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্বও পালন করতে হবে।
আরও দেখুন: অফিসের কাজ শেষ হয় না? এই ৬ কৌশল মানলে কমবে চাপ, বাড়বে গতি
পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া অন্যান্য দায়িত্বও পালন করতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা মধুমতি ব্যাংকের ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিস্তারিত জানতে এখানে দেখুন।