অতিরিক্ত লবণ খাওয়া বাড়াচ্ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি: বিএফএসএ
বাংলাদেশে খাবারে অতিরিক্ত লবণ ব্যবহারের প্রবণতা উদ্বেগজনক বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। সংস্থাটি বলছে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক ৫ গ্রামের বেশি লবণ গ্রহণ করা উচিত নয়। এর বেশি লবণ খেলে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে গিয়ে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বৃদ্ধি পায়।
সম্প্রতি জনসচেতনতামূলক এক বার্তায় বিএফএসএ জানায়, অতিরিক্ত লবণ রক্তে সোডিয়ামের পরিমাণ বাড়িয়ে দেয়। এতে শরীরে পানি ধরে রাখার প্রবণতা বৃদ্ধি পায় এবং রক্তনালির ওপর চাপ তৈরি হয়। ফলে রক্তচাপ বেড়ে যায়, যা দীর্ঘমেয়াদে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশ অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সর্বোচ্চ ৫ গ্রাম লবণ (প্রায় এক চা-চামচ) গ্রহণ করা উচিত। তবে এই পরিমাণের মধ্যে রান্নার লবণের পাশাপাশি প্রক্রিয়াজাত খাবার, ফাস্টফুড, চিপস, আচার, সস ও অন্যান্য খাদ্যে থাকা লবণও অন্তর্ভুক্ত।
বিশেষজ্ঞদের মতে, অনেকেই খাবার টেবিলে আলাদাভাবে লবণ খাওয়ার অভ্যাস বজায় রাখেন। এছাড়া প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারে লবণের পরিমাণ বেশি থাকায় অজান্তেই দৈনিক প্রয়োজনের চেয়ে অনেক বেশি লবণ শরীরে প্রবেশ করছে।
আরও পড়ুন : বিইপিআরসিতে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা
চিকিৎসকদের পরামর্শ, লবণ গ্রহণ কমাতে রান্নায় অতিরিক্ত লবণ ব্যবহার না করা, খাবারের সঙ্গে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস ত্যাগ করা, প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া এবং খাদ্যের পুষ্টিগুণের লেবেল দেখে কম সোডিয়ামযুক্ত পণ্য বেছে নেওয়া উচিত।
জনসাধারণকে পরিমিত লবণ গ্রহণের আহ্বান জানিয়ে বিএফএসএ বলেছে, ‘দৈনিক পরিমিত মাত্রায় লবণ গ্রহণ করুন। সুস্থ থাকুন, উচ্চ রক্তচাপ ও অন্যান্য অসংক্রামক রোগের ঝুঁকি কমান।’