১৪ জুন ২০২৬, ১৬:০৫

বাকৃবির সঙ্গে গবেষণা সহযোগিতা বাড়াতে ফ্রান্সের ইউনিভার্সিটি প্রতিনিধিদের সাক্ষাৎ

বাকৃবি ও ফ্রান্সের ইউনিভার্সিটি অব লরেন এর প্রতিনিধিদের মতবিনিময়  © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও ফ্রান্সের ইউনিভার্সিটি অব লরেনের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) উপাচার্যের কার্যালয়ে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সঙ্গে ফ্রান্সের ইউনিভার্সিটি অব লরেনের চার সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে নেতৃত্ব দেন ইউনিভার্সিটি অব লরেনের  সহযোগী অধ্যাপক ড. থমাস লেকক। অন্য সদস্যরা হলেন প্রাণী গবেষণা প্রকৌশলী ইয়ানিক লেডোরে এবং পিএইচডি গবেষক ক্যাটেরিনা সামিওটাকি। এসময় উপস্থিত ছিলেন বাকৃবির ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান।

জানা যায়, বন্য জেব্রাফিশ নিয়ে চলমান একটি যৌথ গবেষণা প্রকল্পের অংশ হিসেবে ফরাসি গবেষক দলটি বর্তমানে অধ্যাপক ড. মো. শাহজাহানের ফিশ ইকোফিজিওলজি ল্যাবরেটরিতে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। গত ১১ জুন তারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পৌঁছান এবং আগামী ১৭ জুন পর্যন্ত অবস্থান করবেন। এর আগে ২০২২ সালেও একই প্রকল্পের আওতায় তারা বাকৃবি সফর করেছিলেন।

আরও পড়ুন : বন্ধ হচ্ছে না আদ্-দ্বীন মেডিকেল কলেজ, চুক্তি করতে হবে অন্য বেসরকারি মেডিকেলের সঙ্গে

সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং ভবিষ্যতে বিভিন্ন একাডেমিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘এ ধরনের সহযোগিতা দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি করবে এবং আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।’