০৯ নভেম্বর ২০২৬, ১৫:৪৮

প্রায় দুই মাস পেছাল একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে রেকর্ড ফেল করায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা (সাপ্লিমেন্টারি) নেওয়া হবে। এ অবস্থায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে ইউজিসি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক সভায় এ অনুরোধ করেছেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

আরও পড়ুন: অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে রয়েছে দ্বিতীয়বার সুযোগ, বিজ্ঞপ্তি প্রকাশ

এদিকে, সভার পরপরই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দিনক্ষণ প্রায় দুই মাস পিছিয়ে দিয়েছে দেশের একমাত্র বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ। আগামী ৫ ডিসেম্বর এই বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রোগ্রামে ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। এখন সেটি পিছিয়ে ৩০ জানুয়ারি করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুনঃমূল্যায়ন এবং অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সময় বিবেচনা করে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত ৫ ডিসেম্বরের পরিবর্তে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ঢাকার বিএএফ শাহীন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাসে স্নাতকের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

৪ বিষয়ে স্নাতকে ভর্তি
ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিতে হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণিতে চারটি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিষয়গুলো হলো: বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং; বিএসসি ইন অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং; বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস); বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিওনিক্স)।