ভর্তি পরীক্ষা পেছাতে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) এক সভায় সিদ্ধান্ত হয়েছে। তবে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসিতে সিদ্ধান্ত হলেও ভর্তি পরীক্ষার সময় পেছানোর তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ঢাবির দুই উপ-উপাচার্য (প্রো-ভিসি)।
আগের ঘোষিত সময়সূচি অনুযায়ী আবেদন ও ভর্তি পরীক্ষা চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। আর আজ বিকেলে সাধারণ ভর্তি কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ঢাবির প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এতে ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারির পর শুরু হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাবি ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এ সভায় উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সে অনুযায়ী, আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায় অনলাইনে আবেদন শুরুর কথা রয়েছে। আর ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে এ কার্যক্রম শেষ হবে। ‘আইবিএ ইউনিট’-এর মাধ্যমে আগামী ৫ ডিসেম্বর ভর্তি পরীক্ষা শুরুর কথা রয়েছে।
এরইমধ্যে ইউজিসির সভার সিদ্ধান্ত নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী সোমবার (৯ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইউজিসির সিদ্ধান্তের সঙ্গে ঢাবির কোনো সম্পৃক্ততা নেই। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সূচিতে আবেদন ও পরীক্ষা চলবে। ১১ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে।’
একই ধরনের কথা বলেছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামও। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তি পরীক্ষা পেছাবে না, এটা মোটামুটি নিশ্চিত। কারণ এর সঙ্গে অনেক কিছু জড়িত। সব বিষয় চূড়ান্ত করে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে আজ বিকেলে ভর্তি কমিটির সভায় বিষয়টি আলোচনা হতে পারে।’
এর আগে ইউজিসির সভা শেষে চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদকে প্রশ্ন করা হয়েছিল, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এতে সম্পৃক্ত কিনা? জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ তারা সম্পৃক্ত।’ তার ভাষ্য, ‘ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে তাদের ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার তারিখে যেন সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা চাই, শিক্ষার্থীরা যেন একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়।’
তিনি বলেন, এইচএসসির সাপ্লিমেন্টারিসহ সব ফলাফল পাওয়া যাবে ৩১ ডিসেম্বরের মধ্যে। বিশ্ববিদ্যালয় সমূহের যে ভর্তি কার্যক্রম, তা ৩১ ডিসেম্বরের পর শুরু হবে। যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে এ কার্যক্রম শুরু করেছেন, তারা এই সিদ্ধান্তের সাথে সমন্বয় করবে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘এর অর্থ দাঁড়াচ্ছে আমরা সুযোগটা তৈরি করছি সম্পূরক পরীক্ষার্থীদের জন্য। এ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করবেন, তারাসহ সব পরীক্ষার্থী যাতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, সেই সুবিধা দেয়ার জন্যই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ এবং শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন নিশ্চিত করা খুবই জরুরি।’
আরও খবর: পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত
ঢাবির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর (শনিবার), ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর (শনিবার), ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর (শনিবার), ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ২২ ডিসেম্বর (মঙ্গলবার) এবং ‘আইবিএ ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে।
‘আইবিএ ইউনিট’ ছাড়া সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘আইবিএ ইউনিট’-এর ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চারুকলা ইউনিট’ এবং ‘আইবিএ ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।