০৯ নভেম্বর ২০২৬, ১৩:২৩

ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে রমজান মাস বিবেচনায় রাখতে উপাচার্যদের অনুরোধ ইউজিসির

ব্রিফিংয়ে কথা বলছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ  © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, ‘ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে তাদের ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার তারিখে যেন সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা চাই, শিক্ষার্থীরা যেন একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়।’

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন ১ জানুয়ারি থেকে শুরু হবে। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এতে ভর্তি পরীক্ষাও পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্যরা। 

সভা শেষে ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, ‘ভর্তি পরীক্ষা কিছুটা পিছিয়ে আয়োজন করা হলেও বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত অ্যাকাডেমিক কার্যক্রম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। এ ক্ষেত্রে ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।’

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত

তিনি বলেন, এইচএসসির সব  ফলাফল পাওয়া যাবে ৩১ ডিসেম্বরের মধ্যে। বিশ্ববিদ্যালয় সমূহের যে ভর্তি কার্যক্রম, তা ৩১ ডিসেম্বরের পর শুরু হবে। যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে এ কার্যক্রম শুরু করেছেন, তারা এই সিদ্ধান্তের সাথে সমন্বয় করবে। 

তিনি বলেন, ‘এর অর্থ দাঁড়াচ্ছে আমরা সুযোগটা তৈরি করছি সম্পূরক পরীক্ষার্থীদের জন্য। এ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করবেন, তারাসহ সব পরীক্ষার্থী যাতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, সেই সুবিধা দেয়ার জন্যই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ এবং শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন নিশ্চিত করা খুবই জরুরি।’