০৯ নভেম্বর ২০২৬, ১৩:০৪

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ জানুয়ারি

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী  © ফাইল ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন ১ জানুয়ারি থেকে শুরু হবে। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে যারা আবেদনের তারিখ ঘোষণা করেছে, তারাও বিষয়টি সমন্বয় করবে। সভায় ভর্তি পরীক্ষাও পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্যরা।  

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে এ সভার আয়োজন করা হয়। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন সভায় উপস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন, ‘সব বিশ্ববিদ্যালয়ে ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রমের প্রক্রিয়া ১ জানুয়ারি ২০২৭-এর পর শুরু হবে।’

সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ সভাপতিত্ব করেন। সভা শেষে ব্রিফিংয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, এইচএসসির সব  ফলাফল পাওয়া যাবে ৩১ ডিসেম্বরের মধ্যে। বিশ্ববিদ্যালয় সমূহের যে ভর্তি কার্যক্রম, তা ৩১ ডিসেম্বরের পর শুরু হবে। যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে এ কার্যক্রম শুরু করেছেন, তারা এই সিদ্ধান্তের সাথে সমন্বয় করবে। 

তিনি বলেন, ‘এর অর্থ দাঁড়াচ্ছে আমরা সুযোগটা তৈরি করছি সম্পূরক পরীক্ষার্থীদের জন্য। এ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করবেন, তারাসহ সব পরীক্ষার্থী যাতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, সেই সুবিধা দেয়ার জন্যই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

আরও খবর: পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত

অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশে বর্তমানে পাবলিক ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষের ভর্তির জন্য প্রায় ৬৩ হাজার আসন রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসন সংখ্যা ১০ লাখেরও বেশি। 

পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও চার লাখের বেশি আসন রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই বাস্তবতায় উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ এবং শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন নিশ্চিত করা খুবই জরুরি।