ফের পরীক্ষায় বসছেন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ পাবেন কি?
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারিতে (বিশেষ পরীক্ষা) বসার সুযোগ দিচ্ছে সরকার। গত শনিবার (৩১ অক্টোবর) এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে অকৃতকার্য হন প্রায় ৬ লাখ শিক্ষার্থী। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ; যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। এ কারণে প্রথমবারের মতো সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে ফেল করা ৪ লাখের বেশি শিক্ষার্থীকে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই পরীক্ষা নিয়ে একই মাসের শেষে ফল প্রকাশের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। যাতে এর মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেওয়া যায়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-বুয়েটসহ মেডিকেল ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। তবে এতে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিক আলোচনা মোতাবেক যদি ভর্তি পরীক্ষার তারিখ পেছানো না হয়, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের চলতি সেশনের ভর্তিযুদ্ধে অংশ নিতে পারবেন না নতুন করে উত্তীর্ণ শিক্ষার্থীরা। তবে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২০-এর অধিক বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে তাদের জন্য।
তথ্যমতে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার সময়সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর। এরপর ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে। এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ১৭ ও ১৮ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ১৮ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। একই মাসের ১৮ ও ১৯ ডিসেম্বর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হবে ২৯ ও ৩০ ডিসেম্বর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ভর্তি পরীক্ষা হবে ১, ২, ৮ ও ৯ জানুয়ারি। ২ জানুয়ারি কৃষি গুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ৮ জানুয়ারি। ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। একই দিনে, অর্থাৎ ৮ জানুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৪ জানুয়ারি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হতে পারে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ২৬ ও ২৭ জানুয়ারি। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হবে ২৯ জানুয়ারি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ৫ থেকে ৭ ফেব্রুয়ারি।
এ ছাড়া সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভর্তি পরীক্ষা মার্চে অনুষ্ঠিত হবে। ১৯ মার্চ ‘বি’ ইউনিট, ২০ মার্চ ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ২৭ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়ার সূচি ঘোষণা করা হয়েছে।
এটা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য নয়; বরং বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্যই বিবেচ্য বিষয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আমরা পাইনি। তাদের কথা বিবেচনায় নিয়ে এতদিন পরীক্ষা আঁটকে রাখাও সম্ভব নয়। এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিইনি—অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, রাবি উপাচার্য
অন্যদিকে, দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সময়ের ওপর নির্ভর করছে নির্ধারিত দিনে পরীক্ষা আয়োজনের বিষয়টি।
তবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এসব ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা নির্দেশনার তথ্য দেওয়া হয়নি। সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩১ ডিসেম্বর হওয়ায় ডিসেম্বরের ভর্তি পরীক্ষাগুলোতে অংশগ্রহণের ক্ষেত্রে সময়গত জটিলতা তৈরি হতে পারে। বিশ্ববিদ্যালয়ভেদে ভর্তি পরীক্ষার যোগ্যতা ও এইচএসসি উত্তীর্ণ হওয়ার শর্ত আলাদা হওয়ায় এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও ভর্তি কর্তৃপক্ষের চূড়ান্ত নির্দেশনা গুরুত্বপূর্ণ।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে। আমি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি সংগ্রহ করে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সচিবদের বিষয়টি অবহিত করেছি। সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীরা যেন চলতি শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারে, সে বিষয়টি বিবেচনা করতে বলেছি।
তিনি আরও বলেন, তারা বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ার সময় পিছিয়ে দেওয়া হতে পারে। অথবা সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী ভালো বলতে পারবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য নয়; বরং বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্যই বিবেচ্য বিষয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আমরা পাইনি। তাদের কথা বিবেচনায় নিয়ে এতদিন পরীক্ষা আঁটকে রাখাও সম্ভব নয়। এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলে সে অনুযায়ী পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন ৬৩৬৫৬টি—সর্বোচ্চ ঢাকা সেন্ট্রালে, বাকিগুলোতে কত দেখুন
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান মঙ্গলবার (৩ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সম্ভবত বিষয়টি নিয়ে আমাদের এখানে আবেদন করার সুযোগ আছে। তবে আমরা আগামীকালকে ভর্তি পরীক্ষার মিটিং দিয়েছি। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করব।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবার আগে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে। সে ক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে, এটি স্বাভাবিক। তবে যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল, তারা পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল করলে তাদেরও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের দাবি ও স্বার্থের জায়গা থেকে বিবেচনা করে আসন্ন সিন্ডিকেট সভায় আলোচনার জন্য তোলা হবে। শিক্ষার্থীদের জন্য ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে কি না, তা পর্যালোচনা করা হবে।