শুধু বেশি পড়লেই হবে না, জানতে হবে ভুল খুঁজে বের করার কৌশল—মেডিকেলে ব্যর্থ হয়ে বিজ্ঞানের টপার মুনতাসীর
ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে শুধু দীর্ঘ সময় পড়াশোনা করলেই হয় না, নিজের ভুল ও দুর্বলতা খুঁজে বের করে সেগুলো শুধরে নেওয়াও জরুরি। মেডিকেলসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আশানুরূপ ফল করতে না পেরে হতাশ হলেও নিজের ওপর বিশ্বাস হারাননি সৈয়দ মুনতাসীর মাহমুদ। বরং মেডিকেলের ব্যর্থতাকে জয় করে টপার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। ভর্তি হয়েছেন প্রথম সারির বিভাগ ফার্মেসি-তে। মুনতাসীরের ভাষ্য, নিয়মিত পড়াশোনা, বিগত বছরের প্রশ্ন সমাধান এবং প্রতিটি পরীক্ষার ভুল পর্যালোচনা করে প্রস্তুতি নিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় এ ইউনিটে ৪১তম স্থান অর্জন করেছেন তিনি। ভর্তি পরীক্ষার প্রস্তুতি, সাফল্যের অভিজ্ঞতা ও নতুন ভর্তিচ্ছুদের জন্য পরামর্শ নিয়ে সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের মুখোমুখি হয়েছেন মেধাবী এই শিক্ষার্থী।
আপনার সাফল্যের মুহূর্তটি কেমন ছিল? প্রথম কাকে জানিয়েছিলেন?
ফলাফল দেখে আমি অনেক আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। আমার এতদিনের পরিশ্রম সার্থক হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবার আগে আমি আব্বুকে জানাই। এরপর পরিবারের অন্যদের জানাই। পরিবারের মধ্যে প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়ায় সবাই অনেক আনন্দিত ও আবেগাপ্লুত হয়েছিল। ওইদিন আমাদের বাড়িতে একটা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল।
প্রস্তুতিতে কীভাবে পরিকল্পনা করেছিলেন?
এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরই আমি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করি। আমার মূল লক্ষ্য ছিল একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে ভর্তি হওয়া। এর জন্য আমি ঢাকায় একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম। আমি আমার কলেজের সিনিয়রদের কাছ থেকে ভালো কোচিং সেন্টার সম্পর্কে তথ্য নিয়েছিলাম। তাছাড়া, পূর্ববর্তী বছরগুলোতে যারা সফল হয়েছেন তাদের ইন্টারভিউ অনলাইনে দেখেছিলাম। সবকিছু বিবেচনা করে আমি ফার্মগেট শাখায় ভর্তি হয়েছিলাম।
প্রতিদিন গড়ে কত ঘণ্টা পড়াশোনা করতেন, আপনার পড়ার রুটিন কেমন ছিল?
আমি প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ ঘণ্টা করে পড়াশোনা করেছি। আমার রুটিন ছিল, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কোচিংয়ের ক্লাসে যাওয়া। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা/১টা পর্যন্ত আমাদের ক্লাস হতো। ক্লাস থেকে এসে গোসল, নামাজ ও খাওয়া-দাওয়া শেষ করে পড়াশোনা শুরু করতাম। মাঝখানে একটু বিশ্রাম নিয়ে হালকা নাস্তা করে আবার রাত বারোটা পর্যন্ত পড়াশোনা করতাম। শুরুতে আমি ওইদিন ক্লাসে পড়ানো সব বিষয়গুলো শেষ করতাম। এরপর প্রশ্নব্যাংক ও প্র্যাকটিস বুক সলভ করতাম। আমার চেষ্টা থাকত নিয়মিত অধ্যয়নের মাধ্যমে সব চ্যাপ্টার শেষ করা। সেজন্য আমার পড়া জমে থাকত না।
প্রস্তুতির সময় কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে?
ভর্তি প্রস্তুতিতে আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে ইংরেজি এবং ম্যাথ। এগুলোর জন্য আমি আমাদের ক্লাসে মনোযোগ দিতাম। প্র্যাকটিস বুক ও বিগত বছরের প্রশ্ন সলভ করতাম এবং প্রয়োজনে অনলাইন ক্লাসও করতাম। বিশেষ করে ইংরেজিতে অতিরিক্ত সময় দিতাম। এসব পদ্ধতিতে আমি দুর্বলতা কাটানোর চেষ্টা করেছি।
প্রস্তুতিতে কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি কাজে দিয়েছে?
কোচিংয়ের বাইরেও নিজে পড়াশোনা করেছি। আমার প্রস্তুতিতে সবচেয়ে বেশি কাজে দিয়েছে নিজের ভুলগুলো চিহ্নিত করা ও সেগুলো নিয়ে কাজ করা। আমার কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে ওটা বন্ধুদের কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করতাম। প্রয়োজনে অনলাইন ক্লাসের হেল্প নিতাম। এ ছাড়াও কোনো একটা এক্সামে যে ভুলগুলো করতাম সেগুলো বাসায় এসে পুনরায় প্র্যাকটিস করতাম। এতে পরবর্তী পরীক্ষাগুলোতে ভুলের পরিমাণ কম হতো।
ভর্তি পরীক্ষার প্রশ্নে কোন ধরনের অংশে বেশি গুরুত্ব দিয়েছিলেন?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বায়োলজি ও কেমিস্ট্রির মুখস্ত করার টপিকগুলো বেশি গুরুত্ব দিয়েছি। এ দুটি বিষয়ের বিভিন্ন বিক্রিয়া ও শর্টকাটগুলো খুব ভালো করে শিখেছি এবং বারবার প্র্যাকটিস করে আয়ত্ত করেছি। যেহেতু এগুলো দ্রুত অ্যান্সার করা যায়। তাই এগুলোতে সময় বাঁচানোর চেষ্টা করে পরবর্তীতে তুলনামূলক সময়সাপেক্ষ বিষয় যেমন ফিজিক্স ও ম্যাথ উত্তর করেছি। গণিতের ক্ষেত্রে হ্যান্ড ক্যালকুলেশন শেখায় বিশেষ মনোযোগ ছিল আমার।
পরীক্ষার হলে সময় আপনার কৌশল কী ছিল?
পরীক্ষার হলে প্রথমে পুরো প্রশ্নপত্র ভালো করে একবার দেখে নিয়েছি। তারপর, যেগুলো নিশ্চিত জানি সেগুলো আগে উত্তর করেছি, এরপর গাণিতিক প্রশ্নগুলোর উত্তর করেছি। সবশেষে, দ্বিধাযুক্ত প্রশ্নগুলোতে গিয়েছি। এভাবে কম সময়ে সর্বোচ্চ পরিমাণ প্রশ্নের সঠিক উত্তর দিতে পেয়েছি। কোনো প্রশ্ন একবারের চেষ্টায় উত্তর করতে অসুবিধা হলে সেটি রেখে পরবর্তী প্রশ্ন উত্তর করেছি। এছাড়া পরীক্ষার হলে আমার অন্যতম লক্ষ্য ছিল নেগেটিভ মার্ক কম রেখে সর্বোচ্চ নম্বর অর্জন করা ।
প্রস্তুতির সময় কখনো হতাশা তৈরি হয়েছিল?
প্রথমদিকে যখন কোচিংয়ের ডেইলি ও উইকলি এক্সামগুলোতে ভালো মার্ক না এলে হতাশ হতাম। কিছুক্ষেত্রে নতুন টপিক শেখার ক্ষেত্রে সময় বেশি লাগলে হতাশা ও আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হতো। এ ক্ষেত্রে আমি পূর্ববর্তী ভুলগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করতাম। যাতে পরবর্তী পরীক্ষায় ভুলের পুনরাবৃত্তি না ঘটে।
এছাড়া চবি ভর্তি পরীক্ষার আগে মেডিকেল এক্সামসহ আরও কিছু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়। এসব পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে না পারা একটা বড় হতাশার জন্ম দিয়েছিল। তবে মনে আশা ও নিজের ওপর আত্মবিশ্বাস রেখে ভালো করার প্রত্যয় রেখেছিলাম।
আপনার সাফল্যের পেছনে পরিবার, শিক্ষক বা বন্ধুদের ভূমিকা কতটা ছিল?
আমার সাফল্যের পেছনে আমার পরিবার, শিক্ষক এবং বন্ধুদের অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে । আমার পরিবার পড়াশোনার জন্য আমাকে সকল প্রকার অর্থনৈতিক এবং মানসিক সহায়তা দিতো। কোনো একটা টপিক না বুঝলে আমার শিক্ষকরা খুব ভালো করে বুঝিয়ে দিতো। কিছু ক্ষেত্রে বন্ধুদের কাছ থেকেও সাহায্য পেয়েছি।
এই বিশ্ববিদ্যালয় বা বিভাগকে পছন্দ করার বিশেষ কারণ কী?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয়। প্রায় ২৩০০ একরের এই ক্যাম্পাসে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ। ছোটবেলা থেকেই বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ছিলো। চবির বিষয়গুলোর মধ্যে ফার্মেসি অন্যতম চাহিদাসম্পন্ন বিষয়। বায়োলজি ও কেমিস্ট্রির সমন্বয় এই বিষয়ে ক্যারিয়ার গঠনের সুযোগ বিস্তৃত করেছে। এছাড়া, ফার্মাসি থেকে ভবিষ্যতে গবেষণার সুযোগ ও বহিঃবিশ্বে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অন্য বিষয়ের চেয়ে বেশি। এজন্যই এই সাবজেক্ট বেঁচে নিয়েছিলাম।
নতুন পরীক্ষার্থীদের ক্ষেত্রে আপনার পরামর্শ কী?
যারা ভর্তি পরীক্ষায় অংশ নেবে, তাদের জন্য পরামর্শ বিগত বছরের প্রশ্নও দেখবে। বিশেষ করে যারা চবিতে পড়তে চায় তারা এখানে কী ধরনের প্রশ্ন আসে এবং কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো খুব ভালো করে বুঝতে হবে। এতে প্রস্তুতিতে অনেকটা এগিয়ে থাকবে ।