এইচএসসিতে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় আত্মবিশ্বাসে কমতি ছিল, ঘুরে দাঁড়িয়ে ভর্তি পরীক্ষায় প্রথম রাইয়ান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন রাইয়ান সাদ আল হক। তবে এই সাফল্যের পথটা তার জন্য খুব সহজ ছিল না। ভর্তি পরীক্ষার প্রস্তুতির মধ্যেই এইচএসসির ফলাফল প্রকাশিত হয়। তবে এইচএসসিতে প্রত্যাশামতো ফল না হওয়ায় নিজের ভর্তি পরীক্ষা নিয়ে আত্মবিশ্বাসেও কিছুটা ঘাটতি তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি সামলে নিজের দুর্বলতা চিহ্নিত করা, প্রস্তুতির কৌশল ঠিক করা এবং নিজের পরিকল্পনার ওপর আস্থা রেখেই শেষ পর্যন্ত আইবিএতে প্রথম হয় রাইয়ান। তার ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময়কার গল্প তুলে ধরেছেন রাইয়ান সাদ।
প্রস্তুতিতে অনুপ্রেরণা কী ছিল?
প্রস্তুতিতে অনুপ্রেরণার জায়গা বলতে গেলে আমার বাবা ঢাবির একজন শিক্ষক। তিনিও এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সে কারণে এখানে পড়ার একটা ইচ্ছা ছিল। যেহেতু আমি এখানেই থাকি এবং এখানেই বেড়ে উঠেছি, ছোটবেলা থেকে জীবনের অনেকটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই কেটেছে। তাই চেয়েছিলাম এই জায়গায় পড়াশোনা করতে। বিশেষ করে আইবিএতে পড়ার অনুপ্রেরণা ছিল আমার ফুফু। তিনি আইবিএ থেকে পড়াশোনা করেছেন। এখন বর্তমানে তিনি একটা জায়গায় পৌঁছেছেন, যেখানে হয়তো আমিও যেতে পৌঁছাতে চাই।
প্রস্তুতির সময় হতাশা সামলেছেন কীভাবে?
ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় আমারও কিছু পরিস্থিতির উদ্ভব হয়েছিল। প্রস্তুতি নেওয়ার মাঝখানে আমার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। সেখানে আমি আশানুরূপ ফলাফল অর্জন করতে পারিনি। যেহেতু আইবিএ ভর্তি পরীক্ষায় ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই এইচএসসিতে ফল আশানুরূপ না হওয়ায় আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি দেখা দিয়েছিল।
সেটা কাটিয়ে উঠতে কঠোর প্রস্তুতির একটা ব্যাপার তো আছেই। তবে এর পাশাপাশি ‘ওয়ার্ক স্মার্ট, নট হার্ড’—যেটা বলা হয়, সেটাও গুরুত্বপূর্ণ। প্রস্তুতির জন্য নিজের একটা পরিকল্পনা বা কৌশল থাকতে হবে। কোন বিষয়গুলোতে আপনি শক্তিশালী, আর কোন বিষয়গুলোতে দুর্বল, সেটা বুঝতে হবে। যেসব বিষয়ে দুর্বলতা আছে, সেগুলোতে নিজেকে আরও উন্নত করতে হবে। আবার যেসব বিষয়ে ভালো, সেগুলোকে আরও ভালো করার চেষ্টা করতে হবে। এমনকি নিজের শক্তির জায়গাগুলো কাজে লাগিয়ে কীভাবে দুর্বলতা কাটিয়ে ওঠা যায়, সেদিকেও নজর রাখতে হবে। কারণ প্রস্তুতির ক্ষেত্রে কৌশল খুবই গুরুত্বপূর্ণ।
পরীক্ষার হলে কী কী কৌশল অবলম্বন করেছিলেন?
আইবিএ ভর্তি পরীক্ষায় মূলত তিনটি অংশ থাকে। ইংরেজি, গণিত এবং অন্যটি অ্যানালিটিক্যাল এবিলিটি। অ্যানালিটিক্যাল এবিলিটি অংশে মূলত ধাঁধা ধরনের প্রশ্ন থাকে।
গণিতের প্রশ্ন সমাধান করতে সাধারণত সবারই অনেক সময় লাগে। এ কারণে পরীক্ষার্থীরা নিজেদের জন্য গণিতের একটি নির্দিষ্টসংখ্যক প্রশ্ন ঠিক করে রাখেন। সেগুলো শেষ করে পরে ইংরেজি ও অ্যানালিটিক্যাল অংশে যান। কিন্তু আমার কৌশলটা ছিল উল্টো। আমি নিশ্চিত ছিলাম, ইংরেজি ও অ্যানালিটিক্যাল অংশে আমার ভালো দক্ষতা রয়েছে। তাই প্রথমে এই দুটি অংশ শেষ করে ফেলেছিলাম। এরপর গণিতের প্রশ্নে হাত দিয়েছি। গণিত অংশে সাধারণত সবার, এমনকি আমারও অনেক সময় লাগে, সেটি একেবারে শেষে করেছি। যতগুলো প্রশ্ন পেরেছি, ততগুলো উত্তর দিয়েছি।
ঢাবিতে সুযোগ না পেলে পরবর্তী পরিকল্পনা কী ছিল?
যেহেতু আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তাই আমার পরবর্তী পরিকল্পনা ছিল প্রকৌশল বিষয়ে পড়াশোনা করা। তবে সত্যি বলতে, আমার ইচ্ছা ছিল ঢাবিতেই, বিশেষ করে আইবিএতে পড়ার। আইবিএতে না হলে অন্যান্য ইউনিটেও চেষ্টা করতাম। পাশাপাশি বুয়েটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। সেখানে প্রাথমিক তালিকায়ও আমার নাম এসেছিল। তাই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ ছিল। তবে বুয়েটের ভর্তি পরীক্ষার আগে আইবিএর ফল প্রকাশিত হয়। এখানে আমি প্রথম হই। তাই আর বুয়েটে পরীক্ষা দিতে চাইনি।
আরও পড়ুন: স্বপ্নের শুরুটা ভর্তি পরীক্ষায় টপারদের সাক্ষাৎকার পড়ে, পরে নিজেই বুয়েটে পঞ্চম নাহিদ
নতুন ভর্তি পরীক্ষার্থীদের জন্য আপনার পরামর্শ কী?
শুধু আইবিএ নয়, সাধারণভাবে যেকোনো ভর্তি পরীক্ষা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মবিশ্বাস। আপনি যদি দেখেন, যারা যোগ্য এবং যারা সুযোগ পায়, তাদের মধ্যে কিন্তু বিশাল কোনো পার্থক্য নেই। উদাহরণ হিসেবে, আইবিএতে ১২০টি আসনের বিপরীতে ১০ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে অর্ধেক কিংবা ৭৫ শতাংশ বাদ দিলেও প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী থাকেন, যাদের আইবিএতে পড়ার মতো ন্যূনতম যোগ্যতা বা সক্ষমতা রয়েছে।
এখন তাদের থেকে নিজেকে আলাদা করবেন কীভাবে? সেটা করতে হবে আত্মবিশ্বাসের মাধ্যমে। নিজের ওপর ভরসা রাখতে হবে। পরীক্ষার হলে কিংবা প্রস্তুতির সময়, যেকোনো পরিস্থিতিতে নিজের আত্মবিশ্বাস এবং নিজের পরিকল্পনার ওপর আস্থা রাখতে হবে। কারণ পরিকল্পনাটি আপনি নিজেই তৈরি করেছেন, নিজের সক্ষমতা ও দুর্বলতা বিবেচনা করে। আপনার চেয়ে ভালো কেউ আপনার জন্য সেই পরিকল্পনা তৈরি করতে পারবে না। নিজের তৈরি সেই পরিকল্পনার ওপর আত্মবিশ্বাসই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে এবং সেই অবস্থানে নিয়ে যাবে, যেখানে আপনি সফল হবেন।
[সাক্ষাৎকারটি এর আগে দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত হয়েছিল]