জাবি, রাবি, জবি, চবিসহ ৮ বিশ্ববিদ্যালয়ে চান্স, গণিতকেই বেছে নেন রাকিব
বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন নিয়ে দীর্ঘদিনের প্রস্তুতি, নিয়মিত পড়াশোনা আর আত্মবিশ্বাস এই তিনের সমন্বয়েই সফলতা পেয়েছেন মো. রাকিব মোল্লা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের দ্বিতীয় শিফটে ৯২তম স্থান অর্জন করেন তিনি। শুধু জাবি নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ (চবি) মোট আটটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান রাকিব। তবে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকলেও শেষ পর্যন্ত নিজের পছন্দের বিষয় গণিতকেই বেছে নেন তিনি।
রাকিবের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে তার বাবা-মা। ভর্তি পরীক্ষার ফল প্রকাশের দিনটির কথা এখনো মনে আছে তার। ফলাফল দেখার সময় মনে একদিকে ছিল প্রত্যাশা, অন্যদিকে কাজ করছিল অজানা ভয়। অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার খবর দেখে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। আনন্দে চোখে পানি চলে আসে।
সেই সময় পাশে বসে ছিলেন বাবা। ছেলের সাফল্যের খবর শুনে তিনিও আবেগাপ্লুত হয়ে পড়েন। আনন্দে কোনো কথাই বলতে পারছিলেন না। পরে মাকে ফোন করে নিজের সাফল্যের খবর জানান রাকিব। তিনি বলেন, এই অর্জনের পেছনে বাবা-মায়ের অনুপ্রেরণা ও সহযোগিতাই সবচেয়ে বেশি।
প্রস্তুতিতে ছিল না অলসতার সুযোগ
ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে রাকিবের মূল কৌশল ছিল নিয়মিত পড়াশোনা এবং দীর্ঘ সময় ধরে অনুশীলন করা। অ্যাকাডেমিক পড়াশোনার সময় থেকেই পড়ালেখার প্রতি তার মনোযোগ ছিল বেশি। ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময়ও সেই অভ্যাস ধরে রাখেন তিনি। খাওয়া, ঘুম ও প্রয়োজনীয় কাজের বাইরে দিনের অধিকাংশ সময়ই কাটত পড়ার টেবিলে। কোচিং ও পরীক্ষার সময় বাদ দিয়ে প্রতিদিন নিজে অন্তত পাঁচ থেকে সাত ঘণ্টা পড়াশোনা করতেন রাকিব। নতুন বিষয় শেখার পাশাপাশি আগে পড়া বিষয়গুলো বারবার অনুশীলন ও রিভিশন দেওয়ার ওপরও গুরুত্ব দিতেন।
তবে প্রস্তুতির পুরো সময়টা তার জন্য সহজ ছিল না। প্রতিযোগিতার বিশাল পরিসর তাকে মাঝেমধ্যেই ভাবিয়ে তুলত। এত শিক্ষার্থীর মধ্যে আদৌ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন কি না, এমন প্রশ্নও মনে আসত। কিন্তু হতাশ না হয়ে নিজের কলেজের সিনিয়রদের সাফল্য থেকে অনুপ্রেরণা নিতেন। ভাবতেন, তাঁরাও যদি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন, তাহলে তিনি কেন পারবেন না? এই চিন্তাই তাকে নতুন করে পড়াশোনায় মনোযোগী হতে সাহায্য করত।
ভুলে যাওয়ার ভয় কাটিয়েছেন বারবার রিভিশনে
প্রস্তুতির সময় নতুন বিষয় শেখার পাশাপাশি পুরোনো পড়া মনে রাখাও ছিল রাকিবের কাছে বড় চ্যালেঞ্জ। পড়া মনে রাখতে না পারার বিষয়টি তাকে ভাবিয়ে তুলত। তাই একপর্যায়ে নতুন নতুন টপিকের পেছনে বেশি সময় না দিয়ে আগে শেখা বিষয়গুলো বারবার রিভিশন দেওয়ার দিকে মনোযোগী হন। এতে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রস্তুতি ঝালিয়ে নেওয়া সহজ হয়। ভর্তি পরীক্ষার হলেও অনুসরণ করতেন নিজের তৈরি কৌশল। সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা না করে যেসব প্রশ্নের উত্তর সম্পর্কে নিশ্চিত থাকতেন, সেগুলো আগে দাগাতেন। যেসব প্রশ্নে কিছুটা দ্বিধা বা সংশয় থাকত, সেগুলো রাখতেন শেষের জন্য। এতে ভুল উত্তরের ঝুঁকি কমিয়ে জানা প্রশ্নগুলোতে ভালো করার সুযোগ পেয়েছেন বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: ঢাবিতে প্রথম হতে বাবার কথাই সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে
আট বিশ্ববিদ্যালয়ে সুযোগ, পছন্দের বিষয় গণিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আরও সাতটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন রাকিব। এর মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও বিষয় নির্বাচনের ক্ষেত্রে অন্য কোনো কিছুর চেয়ে নিজের আগ্রহকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। ছোটবেলা থেকেই গণিতের প্রতি বিশেষ ভালো লাগা ছিল রাকিবের। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার পর পছন্দের তালিকায় গণিত বিভাগকে প্রথমে রাখেন। শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগেই ভর্তি হন তিনি। বর্তমানে নিজের পছন্দের বিষয় নিয়েই পড়াশোনা করছেন।
ভবিষ্যৎ ভর্তিচ্ছুদের জন্য পরামর্শ
ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে রাকিবের পরামর্শ, কোনো অবস্থাতেই হতাশ হয়ে পড়াশোনা বন্ধ করা যাবে না। তিনি বলেন, ভর্তি পরীক্ষায় সবাই সব প্রশ্নের উত্তর দিতে পারে না। তাই সবকিছু জানার চেয়ে নিয়মিত প্রস্তুতি নেওয়া, সময়ের সঠিক ব্যবহার এবং আগে পড়া বিষয়গুলো বারবার রিভিশন দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।
তিনি মনে করেন, নিজের লক্ষ্য স্থির রেখে সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। অহেতুক সময় নষ্ট না করে পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আত্মবিশ্বাসের সঙ্গে চেষ্টা চালিয়ে গেলে সফলতা পাওয়া সম্ভব। সঠিক পরিকল্পনা, নিয়মিত পরিশ্রম ও নিজের প্রতি আস্থা থাকলে ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে বিশ্বাস করেন রাকিব।