ইউরোপের কোন দেশে চাকরির সুযোগ বেশি, যেসব বিষয় জানতে হবে
বাংলাদেশি প্রবাসীদের অভিবাসন তালিকায় পছন্দের শীর্ষে থাকে ইউরোপ। মহাদেশটিতে ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি কর্মরত আছেন। তবে বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে ক্রমেই সংকুচিত হয়ে আসছে ইউরোপের শ্রমবাজার। পাশাপাশি অঞ্চলটিতে ক্রমেই বাড়ছে বেকারত্বের সমস্যা । যে কারণে গন্তব্য হিসেবে ইউরোপকে বেছে নেওয়ার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখার পরামর্শ দিচ্ছেন অভিবাসন সংশ্লিষ্টরা। খবর ইউরোনিউজের
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ২৫ থেকে ৭৪ বছর বয়সীদের তুলনায় ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের বেকারত্বের হার তিন গুণ। তবে ইউরোপের দেশগুলোর মধ্যে এ চিত্রে বড় ধরনের পার্থক্য রয়েছে। কোনো দেশে কর্মক্ষম তরুণদের প্রায় এক-তৃতীয়াংশ বেকার, আবার কোনো দেশে এই হার ৭ শতাংশেরও কম। কর্ম-অভিজ্ঞতার অভাব, শিক্ষাব্যবস্থা, নিয়োগের ধরন এবং শ্রমবাজারে প্রবেশের সুযোগের পার্থক্যকে এ বৈষম্যের অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের তথ্য অনুযায়ী, বিশ্লেষণ করা দেশগুলোর মধ্যে তরুণদের বেকারত্বের হার সবচেয়ে বেশি বসনিয়া ও হার্জেগোভিনায়। দেশটির শ্রমশক্তিতে থাকা ১৫ থেকে ২৪ বছর বয়সীদের ৩২ দশমিক ২ শতাংশের কোনো চাকরি নেই। অর্থাৎ কাজ করছেন না এবং সক্রিয়ভাবে চাকরি খুঁজছেন—এমন তরুণদের প্রায় প্রতি তিনজনে একজন বেকার।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রোমানিয়া। দেশটিতে তরুণদের বেকারত্বের হার ৩০ দশমিক ৭ শতাংশ। উত্তর মেসিডোনিয়ায় এ হার ২৯ শতাংশ। অন্যদিকে, মাল্টায় তরুণদের বেকারত্বের হার সবচেয়ে কম, মাত্র ৬ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ দেশটির শ্রমশক্তিতে থাকা প্রতি ১৫ জন তরুণের মধ্যে প্রায় একজন বেকার।
ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, একই সময়ে ইউরোপীয় ইউনিয়নে তরুণদের বেকারত্বের হার ছিল ১৫ দশমিক ৬ শতাংশ। বিপরীতে, ২৫ থেকে ৭৪ বছর বয়সীদের মধ্যে এ হার ৫ দশমিক ২ শতাংশ। অর্থাৎ দুই বয়সী গোষ্ঠীর বেকারত্বের হারে তিন গুণ ব্যবধান রয়েছে।
এখানে বেকারত্বের হার বলতে শুধু শ্রমশক্তির অন্তর্ভুক্ত ব্যক্তিদের বোঝানো হয়েছে। অর্থাৎ যারা চাকরি করছেন অথবা সক্রিয়ভাবে চাকরি খুঁজছেন, তারাই এ হিসাবের আওতায় পড়েছেন।
তথ্যভুক্ত ইউরোপের ৩৫টি দেশের মধ্যে তরুণদের বেকারত্বের হার সবচেয়ে বেশি বলকান অঞ্চলের দেশগুলোতে। বসনিয়া ও হার্জেগোভিনা, রোমানিয়া ও উত্তর মেসিডোনিয়ার পর এ তালিকায় রয়েছে সুইডেন (২৪ দশমিক ৯ শতাংশ), সার্বিয়া (২৪ দশমিক ২ শতাংশ), স্পেন (২৩ দশমিক ৯ শতাংশ), ফিনল্যান্ড (২৩ দশমিক ২ শতাংশ), এস্তোনিয়া (২২ দশমিক ৮ শতাংশ), ফ্রান্স (২১ দশমিক ৬ শতাংশ) ও ক্রোয়েশিয়া (২০ শতাংশ)।
এসব দেশে শ্রমশক্তিতে থাকা প্রতি পাঁচজন তরুণের অন্তত একজন বেকার। অনেক তরুণ প্রথম চাকরি পাওয়া এবং নিয়োগদাতাদের চাওয়া কাজের অভিজ্ঞতা অর্জন করতে হিমশিম খাচ্ছেন।
অন্যদিকে, মাল্টা (৬ দশমিক ৮ শতাংশ) ও জার্মানিতে (৭ দশমিক ৩ শতাংশ) তরুণদের বেকারত্বের হার সবচেয়ে কম। নেদারল্যান্ডসে এ হার ৮ দশমিক ৬ শতাংশ, সুইজারল্যান্ডে ৯ দশমিক ২ শতাংশ এবং অস্ট্রিয়ায় ৯ দশমিক ৭ শতাংশ। এসব দেশেও তরুণদের বেকারত্বের হার ১০ শতাংশের নিচে।
ইউরোপীয় ইউনিয়নের চার বৃহৎ অর্থনীতির দেশগুলোর মধ্যেও এ ক্ষেত্রে বড় পার্থক্য রয়েছে। জার্মানিতে তরুণদের বেকারত্বের হার ৭ দশমিক ৩ শতাংশ হলেও ইতালিতে ১৮ দশমিক ২ শতাংশ, ফ্রান্সে ২১ দশমিক ৬ শতাংশ এবং স্পেনে ২৩ দশমিক ৯ শতাংশ।
তবে শুধু তরুণদের বেকারত্বের হার দিয়ে কোনো দেশের শ্রমবাজারের পুরো চিত্র বোঝা যায় না। ইউরোপের গড়ের তুলনায় কোনো দেশে তরুণদের বেকারত্ব কম হলেও একই দেশের বয়স্ক কর্মীদের তুলনায় তা অনেক বেশি হতে পারে।
দুই বয়সী গোষ্ঠীর বেকারত্বের ব্যবধান পরিমাপের দুটি পদ্ধতি রয়েছে। প্রথমটি হলো শতকরা পয়েন্টের পার্থক্য। দ্বিতীয়টি হলো অনুপাত—তরুণদের বেকারত্বের হারকে বয়স্কদের হারের সঙ্গে ভাগ করে পাওয়া সংখ্যা। এর মাধ্যমে বোঝা যায়, বয়স্কদের তুলনায় তরুণদের বেকারত্বের হার কত গুণ বেশি।
দুই পদ্ধতিতেই সবচেয়ে বড় ব্যবধান রোমানিয়ায়। দেশটিতে দুই বয়সী গোষ্ঠীর বেকারত্বের হারের পার্থক্য ২৫ দশমিক ৫ শতাংশ পয়েন্ট। আর তরুণদের বেকারত্বের হার বয়স্কদের তুলনায় ৫ দশমিক ৯ গুণ।
ক্রোয়েশিয়া ও যুক্তরাজ্যেও তরুণদের বেকারত্বের হার বয়স্কদের তুলনায় অন্তত পাঁচ গুণ। ক্রোয়েশিয়ায় ১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ২০ শতাংশ। বিপরীতে, ২৫ থেকে ৭৪ বছর বয়সীদের মধ্যে এ হার ৩ দশমিক ৮ শতাংশ। যুক্তরাজ্যে দুই বয়সী গোষ্ঠীর বেকারত্বের হার যথাক্রমে ১৫ দশমিক ৬ ও ৩ দশমিক ১ শতাংশ।
তরুণদের বেকারত্বের হার তুলনামূলক কম হলেও পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও নরওয়েতে দুই বয়সী গোষ্ঠীর ব্যবধান বেশ বড়। পোল্যান্ডে তরুণদের বেকারত্বের হার ১১ দশমিক ৮ শতাংশ, বয়স্কদের ২ দশমিক ৮ শতাংশ। চেকিয়ায় এ হার যথাক্রমে ১০ দশমিক ৪ ও ২ দশমিক ৬ শতাংশ। নরওয়েতে তরুণদের বেকারত্ব ১৩ শতাংশ, বয়স্কদের ৩ দশমিক ১ শতাংশ। তিন দেশেই তরুণদের বেকারত্ব বয়স্কদের তুলনায় প্রায় চার গুণ।
আবার স্পেনের মতো দেশে দুই বয়সী গোষ্ঠীর বেকারত্বের হারই তুলনামূলক বেশি। দেশটিতে তরুণদের বেকারত্ব ২৩ দশমিক ৯ শতাংশ, আর ২৫ থেকে ৭৪ বছর বয়সীদের মধ্যে ৯ শতাংশ। ফলে ব্যবধানের অনুপাত ২ দশমিক ৭ গুণ, যা ইইউর গড় অনুপাত তিনের নিচে। গ্রিসে তরুণদের বেকারত্ব ১৮ দশমিক ৪ শতাংশ এবং বয়স্কদের ৭ দশমিক ৭ শতাংশ। সেখানে এ অনুপাত ২ দশমিক ৪।
বিশেষজ্ঞদের মতে, তরুণদের বেকারত্বের হার বয়স্কদের তুলনায় বেশি হওয়া স্বাভাবিক। তবে দেশভেদে এ ব্যবধানের মাত্রা আলাদা। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কর্মসংস্থান বিশ্লেষণ ও অর্থনৈতিক নীতিবিষয়ক ইউনিটের প্রধান সারা এল্ডার ইউরোনিউজ বিজনেসকে বলেন, কয়েকটি কারণে তরুণদের বেকারত্বের হার স্বাভাবিকভাবেই প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি থাকে।
এর অন্যতম কারণ কাজের অভিজ্ঞতার অভাব। তরুণেরা সাধারণত শ্রমবাজার সম্পর্কে কম জানেন এবং চাকরি খোঁজার অভিজ্ঞতাও তাদের কম থাকে। ফলে নিয়োগদাতারা অনেক সময় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেন।
এ ছাড়া তরুণেরা নিজেদের পছন্দের চাকরি খুঁজতে একাধিক প্রতিষ্ঠানে চেষ্টা করতে পারেন। শিক্ষাজীবন দীর্ঘ হওয়ায় অনেকে কাজ করেন না, আবার সক্রিয়ভাবে চাকরিও খোঁজেন না। যারা চাকরি খোঁজা ছেড়ে দেন, তারাও শ্রমশক্তির বাইরে থাকেন। ফলে বেকারত্বের হার গণনার সময় এ দুই শ্রেণির মানুষ হিসাবের অন্তর্ভুক্ত হন না।
তরুণদের মধ্যে কর্মসংস্থানের সুযোগ কম থাকলে একই সংখ্যক চাকরিপ্রার্থীর কারণে বেকারত্বের হার তুলনামূলক বেশি দেখা যেতে পারে। অর্থনৈতিক মন্দার সময়ও তরুণেরা বেশি ঝুঁকিতে থাকেন। সাধারণত নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার কম থাকে এবং ছাঁটাইয়ের সময় তারাই আগে চাকরি হারান।