রাশিয়ার ‘পাকিস্তানপ্রীতি’ উদ্বেগ বাড়াচ্ছে ভারতে
আচমকা রুশ ‘ডিগবাজি’তে বেজায় অস্বস্তিতে ভারত। কারণ, ‘বন্ধু’ দিল্লিকে একপাশে সরিয়ে রেখে পাকিস্তানের হাত ধরছে মস্কো। শুধু তা-ই নয়, ইসলামাবাদকে কৃত্রিম উপগ্রহভিত্তিক সামরিক সাহায্য দেওয়ার কথাও প্রকাশ্যে ঘোষণা করেছে ক্রেমলিন। আর তাই পূর্ব ইউরোপের দেশটির ডাকসাইটে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনাও করেছেন দুঁদে কূটনীতিকরা। খবর আনন্দবাজার পত্রিকার।
চলতি বছরের ২৫ নভেম্বর রুশ-পাক সম্পর্কের নতুন সমীকরণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মস্কোর সংবাদসংস্থা ‘তাস’। তাদের দাবি, আগামী দিনে ইসলামাবাদের সঙ্গে কৃত্রিম উপগ্রহভিত্তিক দিক্নির্ণয়, যোগাযোগ, পৃথিবীর রিমোট সেন্সিং, মহাকাশচারীর অন্তরীক্ষে যাত্রা এবং জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রযুক্তি ভাগ করে নেবে ক্রেমলিন।
সংশ্লিষ্ট ইস্যুতে ইতিমধ্যেই মুখ খুলেছেন রুশ-পাক বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক আন্তঃসরকারি কমিশনের সহ-সভাপতি তথা মস্কোর জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলিওভ। তার কথায়, মহাকাশে রাশিয়া অন্যতম বড় শক্তি। অন্তরীক্ষের অনুসন্ধানের নিরিখে আমাদের দক্ষতা প্রশ্নাতীত। এই ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে আমাদের কোনো সমস্যা নেই।
সম্প্রতি, মস্কোয় অনুষ্ঠিত হয় রুশ-পাকিস্তান আন্তঃসরকারি কমিশনের একাদশতম বৈঠক। সেখানে যোগ দেন সের্গেই সিভিলিওভ। ছিলেন, পাকিস্তানের একাধিক পদস্থ কর্মকর্তা ও মন্ত্রীরা। দু’তরফে আলোচনা শেষে ইসলামাবাদের সঙ্গে মহাকাশভিত্তিক সহযোগিতার বিষয়টি ঘোষণা করেন পুতিনের মন্ত্রী। তবে, এই নিয়ে দুই দেশের মধ্যে কোনো চুক্তি হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
কৃত্রিম উপগ্রহের সংখ্যার নিরিখে বর্তমানে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। পৃথিবীর কক্ষপথে তাদের পাঠানো উপগ্রহের সংখ্যা ৩৭২। এ ছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘গ্লোবাল পজিশনিং সিস্টেম’ বা জিপিএসের মতোই মস্কোর রয়েছে নিজস্ব দিক্নির্ণয়কারী ব্যবস্থা, নাম ‘গ্লোনাস’। পাশাপাশি, ‘গুপ্তচর’ সামরিক উপগ্রহও ব্যবহার করে থাকে ক্রেমলিন। শত্রুর ওপর নজরদারিতে এগুলো সিদ্ধহস্ত।
সামরিক বিশ্লেষকদের কথায়, যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার থেকে তিন ধরনের উপগ্রহভিত্তিক সহযোগিতা পেতে পারে পাক ফৌজ। এর মধ্যে প্রথমেই বলতে হবে ‘গ্লোনাস’-এর কথা। ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে দিক্নির্ণয়ে সাহায্য করে মস্কোর এই ব্যবস্থা। এটি হাতে পেলে ভারতের সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করতে ইসলামাবাদের যে সুবিধা হবে, সে কথা বলাই বাহুল্য।
দ্বিতীয়ত, বর্তমানে চীনের সাহায্যে একের পর এক উপগ্রহ অন্তরীক্ষে পাঠাচ্ছে পাকিস্তান। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় সেগুলোর নাম ‘আর্থ অবজারভেটরি স্যাটেলাইট’ অর্থাৎ নজরদারি উপগ্রহ। ভারতের সাবেক সেনা কর্মকর্তাদের আশঙ্কা, রাশিয়ার থেকে প্রযুক্তিগত সহযোগিতা পেলে আগামী দিনে অত্যাধুনিক উপগ্রহ বানাতে পারে ইসলামাবাদ। তখন সহজেই দিল্লির ‘হাঁড়ির খবর’ হস্তগত হবে তাদের।
এ ছাড়া, সরাসরি ‘গুপ্তচর’ উপগ্রহের পাঠানো তথ্য পাকিস্তানের সঙ্গে ভাগ করতে পারে রাশিয়া। এটাও ভারতের জন্য বেশ উদ্বেগের। বর্তমানে ভারতের ওপর উপগ্রহভিত্তিক নজরদারি চালিয়ে থাকে চীন। বহু বার সেই তথ্য ইসলামাবাদকে সরবরাহ করতে দেখা গিয়েছে তাদের। উদাহরণ হিসাবে, গত বছরের (২০২৫ সাল) ‘অপারেশন সিঁদুর’-এর কথা বলা যেতে পারে।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন ভারতীয় ফৌজের পদস্থ কর্মকর্তারা। তাদের দাবি, ‘সিঁদুর’ পর্বে চীনা উপগ্রহ থেকে ভারতের বিভিন্ন সেনাছাউনির ‘রিয়েল টাইম’ তথ্য পাচ্ছিল পাকিস্তান। ফলে, কোথা থেকে কী ভাবে আক্রমণ আসতে পারে, তার একটা আন্দাজ তৈরি হয় তাদের। যদিও তাতে ক্ষয়ক্ষতি আটকানো যায়নি। ইসলামাবাদের ১১টি বায়ুসেনা ঘাঁটি ওড়ায় ভারতীয় ফৌজ।
তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ বছরের জুনের মধ্যে মোট ছয়টি ভূ-পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ করে পাকিস্তান। ফলে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও হরিয়ানাসহ উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকার ওপর নজরদারি চালাতে পারছে ইসলামাবাদ। শুধু তা-ই নয়, সেখানকার ‘অপটিক্যাল ইমেজ’ পেতেও সমস্যা হচ্ছে না রাওয়ালপিন্ডির।
সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’ আবার জানিয়েছে, পৃথিবীর নিম্নকক্ষে এমন ভাবে কৃত্রিম উপগ্রহগুলোকে মোতায়েন করা হয়েছে, যাতে তারা ক্রমাগত ভারতীয় ভূখণ্ডের ছবি তুলতে পারে। বেজিংয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এগুলো বানিয়েছে ইসলামাবাদ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, চীনা সহায়তাতেই (পড়ুন রকেট) অন্তরীক্ষে গিয়েছে ওই ছয় উপগ্রহ, যা নজর এড়ায়নি নয়াদিল্লির।
পাক উপগ্রহপুঞ্জ নিয়ে ইতিমধ্যেই একটি ব্লগে নিজের মতামত তুলে ধরেছেন ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্ল্যাগ অফিসার রিয়ার অ্যাডমিরাল সুধীর পিল্লাই। তার কথায়, ‘‘মাত্র ১৬ মাসে ইসলামাবাদের পর পর উপগ্রহ উৎক্ষেপণ কোনো স্বাভাবিক ঘটনা নয়। তাদের ভূ-পর্যবেক্ষণ তত্ত্বটাও বেশ সন্দেহজনক। তারা নিশ্চয়ই এগুলোকে সামরিক কাজে ব্যবহার করছে।’’
মহাকাশে পাঠানো পাক উপগ্রহগুলোকে নিয়ে একই রকম সন্দেহ প্রকাশ করেছে আমেরিকাও। যুক্তরাষ্ট্রের দাবি, দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ এলাকায় নজরদারির উদ্দেশ্যে পৃথিবীর নিম্নকক্ষপথে বিশেষ একটি জায়গায় ‘পিআরএসসি-ইও৩’ নামের উপগ্রহকে স্থাপন করেছে ইসলামাবাদ। ফলে, দিনের বেশির ভাগ সময়ে জম্মু-কাশ্মীরের ওপর গোপন নজরদারি চালাতে পারছে তারা।
এই পরিস্থিতিতে সামরিক কৃত্রিম উপগ্রহকে ‘জ্যাম’ করার প্রযুক্তি তৈরিতে জোর দিয়েছে ভারত। গত জুনে এর জন্য ৪৪৯ কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। পাশাপাশি, পাক উপগ্রহ মহাকাশে ধ্বংস করার সক্ষমতা রয়েছে নয়াদিল্লির। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, যুদ্ধ পরিস্থিতিতে সেটা করা অবশ্য বেশ কঠিন। কারণ, তাতে অন্তরীক্ষে ছড়াতে পারে লড়াই।
কৃত্রিম উপগ্রহভিত্তিক সহযোগিতা বাদ দিলে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও মজবুত করতে চাইছে পাকিস্তান। ২০৩০ সালের মধ্যে মস্কোর সঙ্গে পণ্য লেনদেনের পরিমাণ ৫০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ইসলামাবাদের। পাশাপাশি, ‘ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর’ প্রকল্পে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে তারা। এর অন্যতম বড় অংশীদার হলো ভারত।
গত ১৯ নভেম্বর মার্কিন ও চীনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পুতিন। ঠিক তার পরই পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির কথা বলতে শোনা গেল মস্কোর মন্ত্রীকে। তবে কি ভারত-বিরোধী চক্রান্তের উসকানিতে জড়িত বেজিং? না কি আমেরিকার সবুজ সংকেত পেয়েই রুশ বন্ধুত্বে এগোচ্ছে পাকিস্তান? এ সব প্রশ্নের উত্তর দেবে সময়।