২৪ নভেম্বর ২০২৬, ১৯:৪৯

মহাকাশ শাসনের করণীয় নির্ধারণে বৈঠকে বসছে ইউরোপ 

মহাকাশে নিজেদের হিস্যা বুঝে নিতে সরব হচ্ছে ইউরোপ  © সংগৃহীত

মহাকাশ অর্থনীতি এখন বিলিয়ন ডলারের বাজার। কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা বাড়ার পাশাপাশি এ খাতে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণও দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্র ও চীন এই প্রতিযোগিতায় এগিয়ে থাকলেও কৌশলগত স্বনির্ভরতা অর্জনে পিছিয়ে রয়েছে ইউরোপ। মহাকাশে নিজস্ব প্রযুক্তি ও উৎক্ষেপণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক নিয়মনীতি নির্ধারণেও প্রভাব রাখতে চাইছে মহাদেশটি।

মহাকাশের ভবিষ্যৎ নিয়মনীতি নিয়ে আলোচনায় ইতালির রোমে জড়ো হয়েছেন ৪৫টি দেশের প্রতিনিধিরা। এ উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ ফোরামের অষ্টম আসর। ইতালির ত্রেন্তো শহরে প্রথম আয়োজনের ১০ বছর পর আবার দেশটিতে ফিরেছে এই সম্মেলন।

পরিসংখ্যান বলছে, মহাকাশে প্রতিযোগিতা আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত হয়েছে। ২০২৬ সালে পৃথিবীর কক্ষপথে প্রায় ১৮ হাজার কার্যকর স্যাটেলাইট রয়েছে, যা ২০২০ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। গত এক বছরে উৎক্ষেপণ করা স্যাটেলাইটের ৮৮ শতাংশই বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট। ২০১০ সালে এই হার ছিল মাত্র ২৩ শতাংশ।

অর্থাৎ মহাকাশ এখন আর শুধু রাষ্ট্র ও সরকারি সংস্থাগুলোর কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নেই। বড় বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে এটি দ্রুত সম্প্রসারিত একটি বাজারে পরিণত হয়েছে।

তবে স্যাটেলাইট উৎক্ষেপণের পরিসংখ্যানে ইউরোপের পিছিয়ে থাকার চিত্রও স্পষ্ট। ২০২৫ সালে যুক্তরাষ্ট্র ১৮১টি এবং চীন ৯২টি কক্ষপথে রকেট উৎক্ষেপণের চেষ্টা চালায়। বিপরীতে ইউরোপের উৎক্ষেপণের সংখ্যা ছিল মাত্র আটটি।

অথচ মহাকাশশিল্পে ইউরোপের শিল্পভিত্তি যথেষ্ট শক্তিশালী। ইউরোস্পেসের তথ্য অনুযায়ী, এ খাতে মহাদেশটির ৭৫০টির বেশি কোম্পানি ও প্রতিষ্ঠান কাজ করছে। ২০২৫ সালে এসব প্রতিষ্ঠানের মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় ১১ বিলিয়ন ইউরো।

শিল্প সক্ষমতা ও কৌশলগত স্বনির্ভরতার এই ব্যবধানই ইউরোপের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। রোম ফোরামের ‘দ্য গেট টু স্কাই: স্পেস ফর পিস’ শীর্ষক আয়োজনের আলোচনায় তাই মহাকাশ প্রতিযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক নিয়মনীতি, শান্তিপূর্ণ ও টেকসই ব্যবহার এবং কম সম্পদশালী দেশগুলোর অংশগ্রহণের বিষয়ও গুরুত্ব পেয়েছে।

ইতালির মহাকাশ সংস্থা (এএসআই) ও আন্তর্জাতিক মহাকাশচারী ফেডারেশন (আইএএফ) যৌথভাবে ফোরামটির আয়োজন করেছে। ২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘের মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারবিষয়ক কমিটির (কপুয়োস) সভাপতির দায়িত্ব পাওয়ার পর ইতালির জন্য এই আয়োজন আন্তর্জাতিক মহাকাশ কূটনীতিতে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি করেছে।

১৯৫৯ সালে প্রতিষ্ঠিত কপুয়োস জাতিসংঘের প্রধান বহুপক্ষীয় মহাকাশবিষয়ক সংস্থা। বর্তমানে এর সদস্যরাষ্ট্র ১১০টি। স্যাটেলাইট চলাচল ব্যবস্থাপনা, কক্ষপথের আবর্জনা মোকাবিলা, মহাকাশপ্রযুক্তিতে প্রবেশাধিকার এবং আন্তর্জাতিক নিয়মনীতি হালনাগাদের মতো বিষয়গুলো নিয়ে সংস্থাটিতে আলোচনা হচ্ছে।

এসব বিষয় এখন শুধু মহাকাশ গবেষণা সংস্থাগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। যোগাযোগ, নেভিগেশন, পরিবেশ পর্যবেক্ষণ ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ সেবায় স্যাটেলাইটের ওপর নির্ভরতা বাড়ছে।

উন্নত প্রযুক্তি থাকলেও স্বনির্ভরতা বাড়াতে হবে ইউরোপের

বৈজ্ঞানিক গবেষণা ও শিল্প সক্ষমতায় ইউরোপের উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। তবে এসব সক্ষমতাকে কৌশলগত স্বনির্ভরতায় রূপ দিতে এখনো কাজ করতে হচ্ছে মহাদেশটিকে। চাঁদে নতুন করে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও চীন নিজেদের জাতীয় লক্ষ্য ও কর্মসূচি স্পষ্ট করেছে। ইউরোপও বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগে অংশ নিচ্ছে। তবে অনেক ক্ষেত্রে একক শক্তি হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরতে পারছে না।

যুক্তরাষ্ট্রের আর্টেমিস কর্মসূচিতে ইউরোপের সহযোগিতা এর একটি উদাহরণ। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) এই কর্মসূচিতে ওরিয়ন ক্যাপসুলের সার্ভিস মডিউল সরবরাহ করছে। মহাকাশযানটির বিদ্যুৎ, চালনা ও নভোচারীদের জীবনধারণের প্রয়োজনীয় ব্যবস্থা সচল রাখতে মডিউলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে প্রযুক্তিগত সহযোগিতার মধ্যেই ইউরোপের ভূমিকা সীমাবদ্ধ রাখতে চায় না ইএসএ। সংস্থাটির ‘আরগোনট’ কর্মসূচির লক্ষ্য ২০৩০-এর দশক থেকে চাঁদের পৃষ্ঠে নিজস্বভাবে প্রবেশের সক্ষমতা তৈরি করা। এ কর্মসূচির আওতায় ২০৩০ সালের মধ্যে প্রথম চন্দ্রযান অবতরণের পরিকল্পনা রয়েছে।

এই কর্মসূচির অবতরণ মডিউল তৈরির শিল্প কনসোর্টিয়ামের নেতৃত্ব দেবে ইতালির থ্যালেস আলেনিয়া স্পেস। এতে ইউরোপের অন্যান্য দেশের প্রতিষ্ঠানও যুক্ত থাকবে।

ইউরোপের সামনে তাই শুধু চাঁদে পৌঁছানোর চ্যালেঞ্জ নয়; বরং অন্য দেশের ওপর পুরোপুরি নির্ভরশীল না থেকে প্রয়োজনীয় প্রযুক্তি, উৎক্ষেপণযান ও অবকাঠামো গড়ে তোলাও জরুরি।

বিষয়টি নিরাপত্তার সঙ্গেও যুক্ত। ২০২৬ সালের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক কার্যক্রমবিষয়ক সংস্থা মহাকাশে নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশল হালনাগাদ করেছে। এতে কক্ষপথে থাকা গুরুত্বপূর্ণ সম্পদের সুরক্ষা, প্রযুক্তিগত নির্ভরতা কমানো এবং নিজস্বভাবে মহাকাশে প্রবেশের সক্ষমতা বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সব মিলিয়ে মহাকাশ প্রতিযোগিতায় ইউরোপ অনুপস্থিত নয়। তবে ইউরোপীয় মহাকাশ সংস্থার শিল্প ও গবেষণাভিত্তিক কার্যক্রম, ইউরোপীয় ইউনিয়নের নীতিনির্ধারণ এবং পৃথক দেশগুলোর উদ্যোগের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। এই তিন স্তরের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলাই এখন বড় চ্যালেঞ্জ। কারণ, জাতীয় পর্যায়ে বিনিয়োগ ও সিদ্ধান্ত গ্রহণের কারণে যৌথ কৌশলের বদলে বিভক্তির ঝুঁকি তৈরি হচ্ছে।

মহাকাশ কূটনীতিতে গুরুত্ব দিচ্ছে ইতালি

রোমে আন্তর্জাতিক মহাকাশ ফোরামের আয়োজনকে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ হিসেবে দেখছে ইতালি। ২০২৬-২০২৭ মেয়াদে কপুয়োসের সভাপতির দায়িত্ব পাওয়ায় কক্ষপথে মহাকাশ কার্যক্রমের টেকসই ব্যবহার থেকে শুরু করে চন্দ্র অভিযান পর্যন্ত বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক আলোচনায় সরাসরি ভূমিকা রাখার সুযোগ পেয়েছে দেশটি।

ইতালির মহাকাশ সংস্থার (এএসআই) সভাপতি তেওদোরো ভ্যালেন্তে কপুয়োসের সভাপতির দায়িত্ব পেয়েছেন। ফোরামের আলোচনায় মূলত তিনটি বিষয় গুরুত্ব পেয়েছে। প্রথমত, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতায় মহাকাশপ্রযুক্তির ব্যবহার। দ্বিতীয়ত, উন্নয়নশীল দেশগুলোর জন্য স্যাটেলাইট প্রযুক্তিতে আরও ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা। তৃতীয়ত, বেসরকারি খাতের দ্রুত সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম আন্তর্জাতিক পরিচালন কাঠামো গড়ে তোলা।

২০১৬ সালে ত্রেন্তোতে প্রথম আয়োজনের পর থেকে এ উদ্যোগে প্রায় ১৩০টি দেশ অংশ নিয়েছে। এর আগে নাইরোবি, বুয়েনস এইরেস, রেজিও ক্যালাব্রিয়া, পানামা, মানামা ও ম্যানিলায় সম্মেলনটির আয়োজন করা হয়।

রোমের সম্মেলনে প্রতিনিধিরা ‘রোম পেজ’ নামে একটি চূড়ান্ত ঘোষণাপত্র তৈরির কাজ করেছেন। এতে আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন সুপারিশ ও অগ্রাধিকার তুলে ধরার কথা রয়েছে।