ককরোচ পার্টির নেতার দেশত্যাগে বাধা
ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) নেতা সৌরভ দাসকে যুক্তরাজ্যগামী ফ্লাইটে উঠতে দেয়নি দিল্লি বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা। যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) তার লন্ডনে যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরে তাকে জানানো হয়, তার পাসপোর্ট ‘ফ্ল্যাগড’ করা হয়েছে। খবর আল জাজিরার
সৌরভ দাস জানান, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টায় তার ফ্লাইট ধরার কথা ছিল। কিন্তু অভিবাসন কর্মকর্তারা তাকে বিমানে উঠতে দেননি। কী কারণে তার পাসপোর্ট ফ্ল্যাগড করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লি পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে বিবিসি।
চলতি বছরের শুরুতে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের পর ভারতজুড়ে ব্যাপক পরিচিতি পান সৌরভ। তিনি জানান, আন্দোলন নিয়ে বক্তব্য দিতে তাকে আমন্ত্রণ জানিয়েছিল অক্সফোর্ড ইউনিয়ন। এ ছাড়া কেমব্রিজ ও এডিনবরার কয়েকটি বিশ্ববিদ্যালয়েও তার বক্তব্য দেওয়ার কথা ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌরভ লিখেছেন, ‘ভারতীয় শিক্ষার্থীরা অনুষ্ঠানগুলো আয়োজন করতে তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু এই বুদ্ধিবৃত্তিবিরোধী সরকার আমাকে এসব মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে যেতে দিতে ভয় পেয়েছে।’
বিবিসির পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিমানবন্দর কর্তৃপক্ষ ও দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
এদিকে মঙ্গলবার লন্ডন স্কুল অব ইকোনমিকস স্টুডেন্ট ইউনিয়নের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউনিট ইনস্টাগ্রামে জানায়, সৌরভকে নিয়ে তাদের নির্ধারিত অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
সিজেপির আরেক নেতা রত্না সিং এক্সে দেওয়া পোস্টে জানান, সৌরভ ও তাকে অক্সফোর্ড ইউনিয়ন আমন্ত্রণ জানিয়েছিল। তবে কয়েক দিন আগেই তার ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে।
তিনি লেখেন, ‘আজ সৌরভকে যেভাবে বিমানে উঠতে দেওয়া হয়নি, তা মতপ্রকাশের স্বাধীনতা এবং দেশের তরুণদের কণ্ঠস্বরের জন্য কতটুকু জায়গা রাখা হচ্ছে, সে বিষয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।’
সৌরভ দাস একজন সাবেক সাংবাদিক। তিনি সিজেপির অন্যতম পরিচিত মুখ। জেন-জি নেতৃত্বাধীন এই আন্দোলনটি শুরু হয়েছিল ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে। পরে এটি তরুণদের নেতৃত্বাধীন একটি চাপ সৃষ্টিকারী সংগঠনে পরিণত হয়। গত জুলাইয়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিজেপির নেতৃত্বে বিক্ষোভ হয়। ওই আন্দোলনের পর পদত্যাগ করেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
অক্টোবরে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের চেষ্টা করেন সিজেপির নেতারা। নির্বাচনী ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। এ সময় সৌরভসহ হাজারো মানুষকে আটক করে পুলিশ। তবে জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশন অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।
একই মাসে দিল্লির নিষিদ্ধ বিক্ষোভস্থলে অনধিকার প্রবেশের অভিযোগে সৌরভ ও সিজেপির আরেক নেতা আশুতোষ রানকাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সৌরভ যদি ‘কোনো ব্যাংক লুট করতেন বা আর্থিক জালিয়াতি করতেন’, তাহলে হয়তো তাকে লন্ডনে যেতে দেওয়া হতো। ভারতে ব্যাংকঋণ খেলাপি হয়ে দেশ ছেড়ে যাওয়া ধনকুবেরদের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।
ভারতে সাম্প্রতিক বছরগুলোতে আরও কয়েকজনকে বিদেশগামী ফ্লাইটে উঠতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশের পরিবেশ ও বাঁধবিরোধী আন্দোলনকর্মী ভানু তাতাককে ডাবলিনগামী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।
এর আগে ২০২২ সালের মার্চে অনুসন্ধানী সাংবাদিক ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচক রানা আয়ুবকেও মুম্বাই বিমানবন্দরে লন্ডনগামী ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয়। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার বিষয়ে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিতে তার যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল।