২৪ নভেম্বর ২০২৬, ১৬:১৩

মহাকাশে নিজেদের প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান 

প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান  © সংগৃহীত

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে নভোচারী হিসেবে যাচ্ছেন দেশটির বিমানবাহিনীর ৪০ বছর বয়সী উইং কমান্ডার মুহাম্মদ জিশান আলী।  চীনের মহাকাশ স্টেশন তিয়ানগং হয়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) চীনের শেনঝু-২৪ মহাকাশযানে করে তার যাত্রা শুরু হওয়ার কথা। এর মধ্য দিয়ে চীনের মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি নভোচারীও হবেন তিনি। খবর গালফি নিউজের 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক সপ্তাহের এ অভিযানে বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা সারবেন জিশান আলী। এর মধ্যে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণাও রয়েছে। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটে শেনঝু-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণের কথা রয়েছে। বেইজিং সময় সকাল ৮টা ১৮ মিনিটে, পাকিস্তান সময় সকাল ৫টা ১৮ মিনিটে এ উৎক্ষেপণ হওয়ার কথা।

জিশান আলী মহাকাশযানে পে-লোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে থাকবেন মিশন কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই।

যেভাবে নির্বাচিত হলেন জিশান আলী

পাকিস্তান বিমানবাহিনীতে পাইলট হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন জিশান আলী। মহাকাশ অভিযানে অংশ নেওয়ার জন্য তাঁকে শূন্য মাধ্যাকর্ষণে কাজ করা, কক্ষপথে জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সহযাত্রীদের সঙ্গে চীনা ভাষায় যোগাযোগের প্রশিক্ষণ নিতে হয়েছে।

জিশান আলী ও পাকিস্তানের আরেক পাইলট খুররম দাউদ তিন দফা বাছাই প্রক্রিয়া পেরিয়ে মহাকাশ অভিযানের প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন। তাঁদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং রকেট উৎক্ষেপণের সময় সৃষ্ট প্রচণ্ড চাপ সহ্য করার ক্ষমতা যাচাই করা হয়।

গত এপ্রিলে তাঁদের চীনে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। শেষ পর্যন্ত শেনঝু-২৪ অভিযানের জন্য নির্বাচিত হন জিশান আলী। তাঁর বিকল্প হিসেবে দায়িত্ব পেয়েছেন খুররম দাউদ।

বেইজিংয়ের চায়না অ্যাস্ট্রোনট সেন্টারে মহাকাশযানের বিভিন্ন ব্যবস্থা, জরুরি পরিস্থিতি মোকাবিলার পদ্ধতি এবং তিয়ানগংয়ে তার দায়িত্ব সম্পর্কে প্রশিক্ষণ নেন জিশান। উৎক্ষেপণের সময় শরীরে যে চাপ তৈরি হবে, তা অনুভব করাতে তাঁকে সেন্ট্রিফিউজে অনুশীলন করানো হয়। চীনা নভোচারীদের সঙ্গে যৌথ মহড়ায় মহাকাশযানের কারিগরি সমস্যা সমাধান ও বিভিন্ন কাজ সমন্বয়ের প্রশিক্ষণও নেন তিনি।

শিখেছেন চীনা ভাষাও

মহাকাশ অভিযানের প্রস্তুতিতে চীনা ভাষা শেখার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। মহাকাশযানে সহযাত্রীদের ব্যবহৃত নির্দেশনা ও কারিগরি শব্দ বুঝতে এ ভাষায় দক্ষতা অর্জন করতে হয়েছে তাকে। উৎক্ষেপণের আগে এক সংবাদ সম্মেলনে চীনা ভাষায় কথা বলেন জিশান আলী। এ সময় মহাকাশে যাওয়ার স্বপ্ন পূরণে সহায়তা করায় চীন সরকারকে ধন্যবাদ জানান তিনি।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি শেনঝু-২৪ অভিযানকে ‘শেষ গন্তব্য’ নয়, বরং চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতার ‘নতুন যাত্রার সূচনা’ হিসেবে বর্ণনা করেন। তার আশা, একজন নভোচারী ও একটি অভিযানের মধ্য দিয়ে শুরু হওয়া এ সহযোগিতা ভবিষ্যতে যৌথ অভিযান পর্যন্ত বিস্তৃত হবে। একপর্যায়ে চাঁদ, মঙ্গলগ্রহসহ আরও দূরের মহাকাশেও দুই দেশ একসঙ্গে কাজ করবে।

মহাকাশ থেকে প্রথমবার পৃথিবী দেখার অনুভূতি নিয়েও কথা বলেছেন জিশান। তিনি জানিয়েছেন, মহাকাশ থেকে পৃথিবী দেখার সময় নিজের বাড়ির আলো খুঁজবেন। পাকিস্তানের যেসব শিশু তার অভিযান দেখবে, তাদের উদ্দেশে তিনি বলেন, ‘মহাকাশে আমি যখন থাকব, তখন যারা আকাশের দিকে তাকাবে, তারা মনে রেখো—তোমাদের স্বপ্ন নিয়েই আমি সেখানে আছি।’

মহাকাশে কী করবেন জিশান আলী?

তিয়ানগং মহাকাশ স্টেশনে পৌঁছে বিভিন্ন যন্ত্রপাতি ও নমুনা স্থাপন, নির্ধারিত বৈজ্ঞানিক পরীক্ষা এবং নিয়মিত নভোচারীদের কার্যক্রমে অংশ নেবেন জিশান আলী। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পারকোর কাছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩০০টির বেশি গবেষণা প্রস্তাব জমা পড়েছিল। সেখান থেকে চারটি জীবপ্রযুক্তিবিষয়ক পরীক্ষা নির্বাচিত হয়েছে। এসব গবেষণার সঙ্গে খাদ্যনিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয় জড়িত। এ ছাড়া সালোকসংশ্লেষণকারী অণুজীব নিয়ে একটি পরীক্ষাও অভিযানের বৈজ্ঞানিক কার্যক্রমের অংশ।

চীনা নভোচারীদের সাধারণত ছয় মাসের জন্য মহাকাশ স্টেশনে পাঠানো হয়। তবে জিশান আলীর অবস্থান হবে প্রায় এক সপ্তাহের। এরপর তিনি শেনঝু-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ওই মহাকাশযানে থাকবেন বর্তমানে তিয়ানগংয়ে অবস্থানরত নভোচারী লাই কাইয়িং ও ঝাং ঝিয়ুয়ান। তাঁদের সহযাত্রী ঝু ইয়াংঝু এক বছর পূর্ণ করতে মহাকাশ স্টেশনে থেকে যাবেন।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে পাকিস্তানের নামিরা সালিম ভার্জিন গ্যালাকটিকের একটি সাব-অরবিটাল ফ্লাইটে মহাকাশে গিয়েছিলেন। তবে জিশান আলীর অভিযান হবে পাকিস্তানের প্রথম কক্ষপথে নভোচারী পাঠানোর ঘটনা। এর মাধ্যমে দেশটির গবেষকেরা নিজেদের গবেষণাগারে তৈরি পরীক্ষাগুলো মহাকাশ স্টেশনে পরিচালনার সুযোগ পাবেন।

চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতায় নতুন অধ্যায়

গত ২৩ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইসলামাবাদে জিশান আলী ও খুররম দাউদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রশিক্ষণের জন্য নির্বাচিত হওয়ায় তাঁদের অভিনন্দন জানান তিনি। এ অভিযানকে পুরো পাকিস্তানের জন্য গর্বের বিষয় উল্লেখ করে শরিফ বলেন, এর মধ্য দিয়ে দেশটিতে মহাকাশ গবেষণার নতুন যুগের সূচনা হবে বলে তিনি আশা করেন।

ওই বৈঠকে চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং উপস্থিত ছিলেন। এ সময় দুই দেশের মহাকাশ গবেষণায় সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনাকেও স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পারকো এবং চায়না ম্যানড স্পেস এজেন্সির মধ্যে একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, পাকিস্তানের দুজন প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়া এবং তাঁদের একজনকে তিয়ানগং মহাকাশ স্টেশনে পাঠানোর কথা ছিল।

স্যাটেলাইট ও মহাকাশ প্রযুক্তি নিয়ে দীর্ঘদিনের সহযোগিতার পর এবার নভোচারী পাঠানোর মাধ্যমে নতুন পর্যায়ে প্রবেশ করছে চীন-পাকিস্তান সম্পর্ক। চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির ইতিহাসেও এটি প্রথম ঘটনা, যেখানে কোনো বিদেশি নভোচারী অংশ নিচ্ছেন।