২৩ নভেম্বর ২০২৬, ১৩:২৯

‘ধুরন্ধর ২’, ‘পুষ্পা ২’কে পেছনে ফেলে ১৪ দিনেই ১,৫০০ কোটির ক্লাবে যশের ‘রামায়ণ’

তেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’।  © সংগৃহীত

মুক্তির দুই সপ্তাহের মধ্যেই বিশ্ব বক্স অফিসে ১ হাজার ৫০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’। মাত্র ১৪ দিনে এ সাফল্য অর্জন করে ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত সিনেমাটি। দ্রুততম সময়ে এই আয় করে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’, ‘পুষ্পা ২: দ্য রুল’ ও ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-এর রেকর্ডও পেছনে ফেলেছে ছবিটি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম দুই সপ্তাহ শেষে ‘রামায়ণ’-এর বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫১৯ কোটি ৫ লাখ রুপি। এর মধ্যে ভারতের বাজার থেকে এসেছে ১ হাজার ৯ কোটি ৫ লাখ রুপি। বাকি ৫১০ কোটি রুপি আয় হয়েছে আন্তর্জাতিক বাজার থেকে।

এর আগে বিশ্ব বক্স অফিসে ১ হাজার ৫০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করতে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর সময় লেগেছিল ১৬ দিন। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ এ অঙ্কে পৌঁছেছিল ১৭ দিনে। আর প্রভাস অভিনীত ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-এর লেগেছিল ২০ দিন। সেই হিসাবে আগের তিন সিনেমাকে ছাড়িয়ে দ্রুততম সময়ে এই মাইলফলক অর্জন করেছে ‘রামায়ণ’।

ভারতের অভ্যন্তরীণ বাজারেও সিনেমাটির ব্যবসা উল্লেখযোগ্য। মুক্তির দুই সপ্তাহের মধ্যেই দেশটিতে ছবিটির আয় ১ হাজার কোটি রুপি ছাড়িয়েছে। এর ফলে ভারতের বাজারে ১ হাজার কোটি রুপি আয় করা সিনেমার তালিকায় ষষ্ঠ অবস্থানে জায়গা করে নিয়েছে এটি।

আন্তর্জাতিক বাজার থেকেও বড় অঙ্কের আয় এসেছে সিনেমাটির। বিশেষ করে বিদেশি দর্শকদের আগ্রহ এবং একাধিক ভাষায় প্রদর্শনীর সুযোগ বিশ্বব্যাপী ব্যবসায় ইতিবাচক ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাল্মীকি রচিত মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে দুই পর্বে নির্মিত হচ্ছে সিনেমাটি। প্রথম পর্বে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে রয়েছেন যশ। এ ছাড়া লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে।

তারকাবহুল অভিনয়শিল্পী, বড় আয়োজন ও মহাকাব্যিক কাহিনি নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। প্রথম দুই সপ্তাহের বক্স অফিসের হিসাবেও সেই আগ্রহের প্রতিফলন দেখা গেছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।