২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৪

যুদ্ধাবস্থার মধ্যেই সাঁতরে হরমুজ প্রণালি পার হলেন ব্রিটিশ সাঁতারু

হরমুজ প্রণালি সাঁতরে পার হলেন ব্রিটিশ সাঁতারু  © সংগৃহীত

উত্তর মেরু ও অ্যান্টার্কটিকার হিমশীতল পানিতে সাঁতার কেটে পরিবেশ সুরক্ষার বার্তা দিয়ে পরিচিতি পাওয়া ব্রিটিশ দূরপাল্লার সাঁতারু লুইস পিউ এবার নিয়েছেন ভিন্ন এক চ্যালেঞ্জ। জীবনের ঝুকি নিয়ে মাইন পুতে রাখা হরমুজ প্রণালি পাড়ি বিশ্বকে এই ভূরাজনৈতিক সংকটের বড় বার্তা দিয়েছেন পিউ। ইরানকে ঘিরে যুদ্ধের মধ্যে তেলবাহী জাহাজে হামলা ও বিস্ফোরণের ঝুঁকি উপেক্ষা করে হরমুজ প্রণালিতে প্রায় ১৫ কিলোমিটার সাঁতার কেটেছেন তিনি। সামুদ্রিক পরিবেশ ও বন্যপ্রাণীর ওপর যুদ্ধের প্রভাব তুলে ধরতেই তার এই উদ্যোগ। খবর গালফ নিউজের

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) ‘প্যাট্রন অব দ্য ওশানস’ হিসেবে দায়িত্ব পালন করছেন ৫৬ বছর বয়সী পিউ। চলতি সপ্তাহে তিন দিন ধরে হরমুজ প্রণালির বিভিন্ন অংশে সাঁতার কাটেন তিনি। এ সময় তার পরনে ছিল শুধু সাঁতারের পোশাক, চোখে গগলস এবং মাথায় জাতিসংঘের লোগোসংবলিত ক্যাপ।

১৫ নভেম্বর ওমানের মুসান্দাম উপদ্বীপ থেকে সাঁতার শুরু করেন পিউ। পরে হরমুজ অন্তরীপ ঘুরে প্রায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি। যুদ্ধ শুরুর পর এই জলপথে দীর্ঘ দূরত্ব সাঁতরে পাড়ি দেওয়ার প্রথম ব্যক্তি হিসেবে ধারণা করা হচ্ছে তাকে। সোমবার পানিতে নামার কয়েক মিনিটের মধ্যেই দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান পিউ। এ সময় প্রায় চার কিলোমিটার দূরে একটি তেলবাহী জাহাজে হামলা হয়। পরে সেখানে যুদ্ধবিমানও দেখতে পান তিনি।

লন্ডনে ফিরে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) পিউ বলেন, ‘আমি ওপরে তাকিয়ে দেখি, প্রায় চার কিলোমিটার দূরে একটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। বিস্ফোরণের শব্দ এত জোরে ছিল—পরপর দুটি বিকট শব্দ শুনি। এরপর যুদ্ধবিমান এগিয়ে আসে। তখনই বুঝতে পারি, এখনই আমাদের এখান থেকে সরে যেতে হবে।’

বারবার বিরতি নিয়ে শেষ পর্যন্ত সাঁতার সম্পন্ন করেন পিউ। এ সময় হামলার শিকার আরেকটি জাহাজের পাশ দিয়েও যেতে হয় তাকে। জাহাজটিতে আগুন ধরে যাওয়ায় আকাশে আগুনের গোলা ছড়িয়ে পড়ে।

পিউ বলেন, ‘বেশির ভাগ মানুষ হরমুজ প্রণালির কথা ভাবলে একটি জাহাজ চলাচলের পথের কথা মনে করেন। কিন্তু এটি আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি। প্রাকৃতিক সম্পদের এক অপূর্ব ভান্ডার এটি।’

যুদ্ধের কারণে মারাত্মক হুমকিতে সামুদ্রিক পরিবেশ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও সংঘাতের কারণে সামুদ্রিক পরিবেশ মারাত্মক ঝুঁকিতে পড়েছে বলে সতর্ক করেছেন পিউ। তার মতে, ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে তেল ও রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়লে সামুদ্রিক প্রাণী, উপকূল, প্রবালপ্রাচীর ও ম্যানগ্রোভ বন দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়বে।

তিনি বলেন, ‘এতগুলো জাহাজ ডুবে যাওয়ায় এই অঞ্চল মারাত্মক হুমকির মধ্যে রয়েছে। এই পরিবেশের স্বাভাবিক অবস্থা ফিরতে কয়েক বছর, এমনকি কয়েক দশকও লেগে যেতে পারে।’

গত কয়েক সপ্তাহে ইরান হরমুজ প্রণালিতে চলাচলকারী বিভিন্ন জাহাজে হামলা বাড়িয়েছে। দেশটি দাবি করেছে, এসব জাহাজ অনুমোদনহীন পথে চলাচল করছিল। গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করার আগে বিশ্বে বাণিজ্য হওয়া মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

এ ছাড়া ইরানের পেতে রাখা সামুদ্রিক মাইনে আঘাত পেয়েও কয়েকটি তেলবাহী জাহাজ বিস্ফোরিত হয়েছে ও আগুন ধরে গেছে। গত মাসে এমন একটি জাহাজে ২০ লাখ ব্যারেলের বেশি তেল ছিল।

পিউয়ের আশঙ্কা, ফেব্রুয়ারি থেকে ক্ষতিগ্রস্ত কয়েক ডজন জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়লে ওই অঞ্চলের প্রাণী ও উপকূলীয় পরিবেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব পড়তে পারে। বিশেষ করে ডলফিন, কচ্ছপ, প্রবালপ্রাচীর ও ম্যানগ্রোভ বন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

জাহাজের আগুনে পানিও জ্বলছিল

সাঁতার কাটার আগে নৌকায় করে ওই এলাকায় যাওয়ার সময় নিজের নৌকার পেছনে অনেক ডলফিনকে সাঁতার কাটতে দেখেছেন পিউ। এ ছাড়া প্রণালিতে কচ্ছপ ও মাছ শিকারি পাখি অসপ্রেও দেখেছেন তিনি। যুদ্ধ শুরুর আগে ওমানের উপকূল ধরে সাঁতার কাটার সময় শত শত কচ্ছপ দেখার অভিজ্ঞতার কথাও জানান তিনি।

পিউ বলেন, ‘পানিতে তেল বা রাসায়নিক দূষণ ছড়িয়ে পড়লে সেই দূষণ পরিষ্কার করা খুব কঠিন হয়ে যায়। এর প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকে।’

তিন দিনে মোট প্রায় সাড়ে ছয় ঘণ্টা সাঁতার কাটেন পিউ। দ্বিতীয় দিন বন্দরে ফেরার পথে একটি গ্যাসবাহী জাহাজে হামলা হতে দেখেন তিনি। ওই জাহাজের পাশ দিয়ে যাওয়ার সময় রাসায়নিক পদার্থের গন্ধ ও আগুনের ভয়াবহতা তাকে নাড়া দেয়।

পিউ বলেন, ‘ওই গ্যাসবাহী জাহাজের পাশ দিয়ে যাওয়ার অভিজ্ঞতা আমি কখনো ভুলব না। রাসায়নিক পদার্থের গন্ধ এবং আগুনের শিখা—সেগুলো আকাশে আগুনের গোলার মতো ছড়িয়ে পড়ছিল। জাহাজটির চারপাশের পানিও জ্বলছিল। প্রকৃতির ওপর এমন একটি দুর্ঘটনার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে, তা ছিল খুবই স্পষ্ট।’

পরিবেশ সুরক্ষায় খেলাধুলাকে কাজে লাগান পিউ

গত প্রায় ৪০ বছর ধরে অ্যান্টার্কটিকা, লোহিত সাগর ও ইংলিশ চ্যানেলসহ বিশ্বের বিভিন্ন জলপথে সাঁতার কেটেছেন পিউ। জলবায়ু পরিবর্তন, দূষণ ও জীববৈচিত্র্য হ্রাস থেকে সামুদ্রিক পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিই তার এসব উদ্যোগের লক্ষ্য।

উত্তর মেরু পেরিয়ে সাঁতার কাটা প্রথম ক্রীড়াবিদ তিনি। বিশ্বের পাঁচটি মহাসাগরেই দীর্ঘ দূরত্ব সাঁতার কাটার কৃতিত্বও রয়েছে তার। ২০২৩ সালে পরিচ্ছন্ন নদীর গুরুত্ব তুলে ধরতে যুক্তরাষ্ট্রের হাডসন নদীর ৫০৭ কিলোমিটার পথ সাঁতরে পাড়ি দেন তিনি। পিউয়ের ফাউন্ডেশনের দাবি, তার এসব উদ্যোগের ফলে ৩৫ লাখ বর্গকিলোমিটারের বেশি ঝুঁকিপূর্ণ সমুদ্রাঞ্চল সুরক্ষায় বিভিন্ন আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।

পরিবেশ সুরক্ষায় সাঁতার ও রাজনৈতিক পর্যায়ে যোগাযোগের এই পদ্ধতিকে কেউ কেউ ‘স্পিডো ডিপ্লোম্যাসি’ বলে থাকেন। পিউয়ের মতে, গুরুত্বপূর্ণ পরিবেশগত বিষয়ে আলোচনার সুযোগ তৈরি করতে খেলাধুলা কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ‘খেলাধুলা মানুষের কাছে পৌঁছানোর পথ খুলে দেয়, আলোচনার সুযোগ তৈরি করে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মানুষকে ভাবতে সাহায্য করে।’

নিজের বার্তা তুলে ধরে পিউ বলেন, ‘আমার বার্তা খুবই সহজ। আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে, প্রণালি খুলে দিতে হবে এবং দূষণ পরিষ্কার করতে হবে।’