গেমিং নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে বিশ্বের ৫ দেশ, আবেদন যেভাবে
গেমিং এখন আর শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং দ্রুত প্রসারিত একটি পেশার ক্ষেত্র। গেম ডিজাইন, ডেভেলপমেন্ট, অ্যানিমেশন থেকে শুরু করে ভার্চুয়াল রিয়্যালিটি—এই শিল্পে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। ফলে গেমিংকে পেশা হিসেবে নিতে চাইলে বিদেশে এ বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ খুঁজে দেখতে পারেন শিক্ষার্থীরা। ফিনল্যান্ড, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে গেমিং নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ রয়েছে।
কোন দেশে কোন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে এবং এসব কোর্সে পড়তে খরচই বা কত—তা জেনে নেওয়া যাক।
১. ফিনল্যান্ড
গেম ডিজাইন ও ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনার অন্যতম গন্তব্য ফিনল্যান্ড। দেশটির আল্টো ইউনিভার্সিটিতে গেম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে দুই বছরের স্নাতকোত্তর কোর্স রয়েছে। এ কোর্সে গেমের নকশা তৈরি, প্রোটোটাইপ নির্মাণ এবং পূর্ণাঙ্গ গেম তৈরির বিভিন্ন ধাপ শেখানো হয়।
অন্যদিকে, মেট্রোপোলিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসে গেম ডিজাইন বিষয়ে স্নাতক পর্যায়ে পড়ার সুযোগ রয়েছে। সেখানে ভার্চুয়াল পরিবেশ ও চরিত্র তৈরি, প্রোগ্রামিং এবং গেম ইঞ্জিন ব্যবহারের মতো বিষয় শেখানো হয়।
ফিনল্যান্ডে ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে সাধারণত বছরে ৯ হাজার থেকে ২০ হাজার ইউরো টিউশন ফি দিতে হয়। এ ছাড়া থাকা-খাওয়া ও অন্যান্য খরচের জন্য মাসে আনুমানিক ৯০০ থেকে ১ হাজার ২০০ ইউরো প্রয়োজন হতে পারে। সব মিলিয়ে বছরে আনুমানিক ২১ লাখ থেকে ৩৬ লাখ টাকা বাজেট রাখতে হবে।
২. যুক্তরাজ্য
গেমিং নিয়ে পড়াশোনার জন্য যুক্তরাজ্যেও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। স্কটল্যান্ডের অ্যাবারটে ইউনিভার্সিটিতে চার বছর মেয়াদি বিএসসি (অনার্স) ইন কম্পিউটার গেমস টেকনোলজি এবং কম্পিউটার গেম অ্যাপ্লিকেশনস ডেভেলপমেন্ট কোর্স পড়ানো হয়। এসব কোর্সে গেম প্রোগ্রামিং, গ্রাফিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গেম ইঞ্জিন তৈরির মতো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে এসব কোর্সে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বার্ষিক টিউশন ফি ১৭ হাজার ৯৫০ পাউন্ড। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২২ লাখ টাকা। এর সঙ্গে থাকা-খাওয়ার খরচ যোগ হবে।
যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কোর্স চলাকালে ১২ হাজার থেকে ২৮ হাজার পাউন্ড পর্যন্ত বৃত্তির সুযোগও দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৫ লাখ থেকে সাড়ে ৩৪ লাখ টাকা।
৩. নেদারল্যান্ডস
নেদারল্যান্ডসের ব্রেডা ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসে চার বছর মেয়াদি ‘ক্রিয়েটিভ মিডিয়া অ্যান্ড গেম টেকনোলজিস’ বিষয়ে স্নাতক কোর্স রয়েছে। এ কোর্সে শিক্ষার্থীরা প্রোগ্রামিং, ভিজ্যুয়াল আর্টস অথবা গেম ডিজাইন ও প্রোডাকশনের মধ্যে নিজেদের পছন্দের বিষয় বেছে নিতে পারেন। পাশাপাশি গেম তৈরির বিভিন্ন পর্যায়ে দলগতভাবে কাজ করার সুযোগ রয়েছে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে এ কোর্সে ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীদের বার্ষিক টিউশন ফি ১৪ হাজার ২৫০ ইউরো। নেদারল্যান্ডসে থাকা-খাওয়া ও দৈনন্দিন অন্যান্য খরচের জন্য মাসে গড়ে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ ইউরো প্রয়োজন হতে পারে। সব মিলিয়ে বছরে আনুমানিক ২৮ লাখ থেকে ৩৪ লাখ টাকা খরচ হতে পারে।
৪. কানাডা
গেম ডিজাইন নিয়ে পড়াশোনার জন্য কানাডার শেরিডান কলেজে চার বছর মেয়াদি ব্যাচেলর অব গেম ডিজাইন কোর্স রয়েছে। এ কোর্সে গেমের চরিত্র ও পরিবেশ তৈরি, গল্প, লেভেল ডিজাইন, সাউন্ড ডিজাইন এবং গেম তৈরির বিভিন্ন কৌশল শেখানো হয়।
কোর্স শেষে গেম ডিজাইনার, লেভেল ডিজাইনার, ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার এবং গেমের মান যাচাইয়ের মতো পেশায় কাজের সুযোগ রয়েছে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রথম দুই সেমিস্টারের আনুমানিক ফি ২২ হাজার ৫৭৫ দশমিক ৭০ কানাডিয়ান ডলার। পরবর্তী সেমিস্টারগুলোর ফি আলাদা।
এদিকে কুইবেক ছাড়া কানাডার অন্য কোনো প্রদেশে পড়তে গেলে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে একজন শিক্ষার্থীকে টিউশন ফি ও যাতায়াত খরচের বাইরে থাকা-খাওয়া এবং অন্যান্য ব্যয় মেটানোর সক্ষমতার প্রমাণ দেখাতে হবে। এ জন্য বছরে অন্তত ২৩ হাজার ৪৪৮ কানাডিয়ান ডলার থাকতে হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ লাখ ৩০ হাজার টাকা।
৫. যুক্তরাষ্ট্র
গেম ডিজাইন ও ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রেও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ওয়াশিংটনের ডিজিপেন ইনস্টিটিউট অব টেকনোলজিতে গেম ডিজাইন, কম্পিউটার সায়েন্সসহ বিভিন্ন বিষয়ে স্নাতক পর্যায়ে পড়ার সুযোগ রয়েছে। সেখানে গেম তৈরি, প্রোগ্রামিং, সফটওয়্যার এবং ডিজিটাল আর্টের মতো বিষয়ে পড়াশোনা করা যায়।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে ডিজিপেনে আন্তর্জাতিক স্নাতক শিক্ষার্থীদের বার্ষিক টিউশন ফি ৪৫ হাজার ৫০০ মার্কিন ডলার। থাকা-খাওয়া, বইপত্র, যাতায়াত ও অন্যান্য খরচসহ এক বছরের মোট আনুমানিক ব্যয় ৭৪ হাজার ৪৬৮ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ৬৫ লাখ টাকার বেশি।
ভর্তির যোগ্যতা
এসব কোর্সে ভর্তির জন্য সাধারণত দ্বাদশ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তবে বিষয় ও শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ভর্তির যোগ্যতার শর্ত আলাদা হতে পারে।
কোনো কোনো কোর্সে গণিত ও কম্পিউটার সায়েন্সের প্রাথমিক জ্ঞান প্রয়োজন হয়। আবার গেম ডিজাইন বা ভিজ্যুয়াল আর্টসের ক্ষেত্রে শিক্ষার্থীদের সৃজনশীল কাজের নমুনা বা পোর্টফোলিও জমা দিতে হতে পারে। ইংরেজি মাধ্যমে পড়াশোনার জন্য আইইএলটিএস বা টোয়েফলের মতো ভাষা পরীক্ষার স্কোরও চাওয়া হতে পারে।
তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে কোর্সের যোগ্যতা, টিউশন ফি, বৃত্তি এবং আবেদনের সময়সীমা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া জরুরি।