২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৪

পানীয় জলের বোতলে মিলল ক্যান্সারের উপাদান 

বোতলজাত পানিতে এবার মিলল ক্যান্সারের উপাদান  © সংগৃহীত

ভারতের জনপ্রিয় বোতলজাত পানীয় জল প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিসলেরির পানির নমুনায় নির্ধারিত সীমার চেয়ে বেশি মাত্রায় ব্রোমেটের উপস্থিতি পেয়েছে দেশটির খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)। দ্বিতীয় দফায় পরীক্ষার পরও নমুনাটি নিরাপদ নয় বলে শনাক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার অনুমোদন দিয়েছে সংস্থাটি। ব্রোমেট এমন একটি রাসায়নিক উপাদান, যা দীর্ঘমেয়াদি সংস্পর্শে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

গতকাল রবিবার (২২ নভেম্বর) বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে এ পদক্ষেপের অনুমোদন দেয় এফএসএসএআই। তবে বিসলেরির ঠিক কোন ধরনের বোতলজাত পানীয় জলের নমুনায় এই উপাদান পাওয়া গেছে, তা নির্দিষ্ট করে জানায়নি সংস্থাটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এফএসএসএআই জানিয়েছে, ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬’-এর অধীনে প্যাকেটজাত পানীয় জলসংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা মামলা শুরুর অনুমোদন দেওয়া হয়েছে।

এফএসএসএআই জানায়, পরীক্ষার জন্য তারা বিসলেরি ইন্টারন্যাশনালের একটি প্যাকেটজাত পানীয় জলের নমুনা সংগ্রহ করেছিল। নমুনাটি মিনারেল ওয়াটার বা খনিজ জল হিসেবে চিহ্নিত ছিল না। প্রাথমিক পরীক্ষায় এতে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া যায়।

এরপর প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে নমুনাটি দ্বিতীয়বার পরীক্ষা করা হয়। সেই পরীক্ষাতেও ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে পাওয়া যায়নি। ফলে ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬’-এর আওতায় নমুনাটিকে ‘অসুরক্ষিত’ ঘোষণা করে খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটি।

ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) এবং যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ)সহ বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সংস্থা ব্রোমেটকে সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী উপাদান হিসেবে চিহ্নিত করেছে।

এদিকে বিসলেরি ইন্টারন্যাশনাল ছাড়াও বসন্ত মশালা প্রাইভেট লিমিটেড, টিট-বিট ফুডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং মীমাংসা ইন্ডাস্ট্রিজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এফএসএসএআই। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার অনুমোদনও দিয়েছে সংস্থাটি।

খাদ্য নিরাপত্তাসংক্রান্ত নিয়মকানুন মেনে চলতে ব্যর্থ হওয়ায় উর্মি লাইফসায়েন্সেস এলএলপি এবং গৌড় আয়ুর্বেদিক স্টোরের লাইসেন্সও স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

এ ছাড়া আলাদা এক পদক্ষেপে আশা কনফেকশনারির একটি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে এফএসএসএআই। প্রতিষ্ঠানটির আগে থেকে প্যাকেটজাত চকোলেট-ভরা কুকিজ পরীক্ষায় ‘অসুরক্ষিত’ প্রমাণিত হওয়ায় বাজার থেকে সেগুলো তুলে নিতে বলা হয়েছে।

এফএসএসএআই চলতি বছর খাদ্য ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠান (এফবিও) এবং ই-কমার্স সংস্থাগুলোর বিরুদ্ধে নজরদারি ও আইন প্রয়োগের কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি এনার্জি ড্রিংক ও অ্যালকোহলযুক্ত পানীয় প্রস্তুতকারকদের বিরুদ্ধেও অভিযান বাড়িয়েছে সংস্থাটি।