২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪২

বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ কমল তেলের দাম

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে।  © সংগৃহীত

বিশ্ব অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সম্ভাব্য অবদান নিয়ে অনিশ্চয়তা এবং বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় সপ্তাহের মতো কমেছে অপরিশোধিত তেলের দাম। তবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলার ঘটনায় সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় তেলের দাম আরও বেশি কমেনি।

সোমবার (২৩ নভেম্বর) এশিয়ার শেয়ারবাজারে দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের লেনদেন শুরু হয়। প্রযুক্তিনির্ভর দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে সূচক কমে ৪ শতাংশ। একই প্রবণতা দেখা যায় চীন, হংকং ও অস্ট্রেলিয়ার বাজারেও। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও বড় ধরনের পতন ঘটে। বিশেষ করে প্রযুক্তি খাতের শেয়ারপ্রধান সূচক নাসডাক এক সপ্তাহে ১০ শতাংশ কমে যায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ১৬ মিনিটে (জিএমটি ২টা ১৬ মিনিট) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে ৯২ ডলার ২৯ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১৫ সেন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ২৬ সেন্টে নেমে আসে।

এর আগের সপ্তাহেও আন্তর্জাতিক বাজারে তেলের দামে উল্লেখযোগ্য পতন হয়েছিল। ওই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমে যায়। সব মিলিয়ে টানা তিন সপ্তাহ ধরে দরপতনের ধারায় রয়েছে জ্বালানি পণ্যটি।

তবে বৈশ্বিক বাজারে নেতিবাচক পরিস্থিতির মধ্যেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি তেলের দাম পুরোপুরি নেমে যেতে বাধা দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলে একাধিক হামলার ঘটনা ঘটেছে। রোববার ইরান-সমর্থিত হুতি আন্দোলনকারীরা সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার দাবি করেছে। এ ছাড়া সপ্তাহান্তে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালির কাছাকাছি একাধিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে।

সিডনিভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান এক্সঅ্যানালিস্টসের প্রধান তেল বিশ্লেষক মুকেশ সাহদেব বলেন, বাজারে বিদ্যমান নেতিবাচক প্রবণতার ধারাবাহিকতায় তেলের দাম কমছে। তবে জাহাজ চলাচলে হামলার প্রভাবও রয়েছে। তাঁর মতে, অপরিশোধিত তেল পরিবহনে খালি জাহাজের সংখ্যা বাড়লেও তেলভর্তি জাহাজের সংখ্যা বাড়ছে না। সরবরাহব্যবস্থার ওপর এ ঝুঁকির প্রভাব শিগগিরই তেলের দামে প্রতিফলিত হতে পারে।

এদিকে তুরস্কে অনুষ্ঠিত বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়ে চূড়ান্ত ঘোষণায় ঐকমত্যে পৌঁছাতে পারেনি অংশগ্রহণকারী দেশগুলো। ২০০৯ সালের পর এই প্রথম সম্মেলনে এ বিষয়ে আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ভেস্তে গেছে।

সম্মেলনের পর্যবেক্ষকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সৌদি আরবসহ বড় তেল উৎপাদনকারী দেশগুলো ভবিষ্যতের অর্থনীতিতেও জীবাশ্ম জ্বালানির ভূমিকা থাকবে বলে অবস্থান নিয়েছে। চূড়ান্ত ঘোষণায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়ে কোনো উল্লেখ না রাখতে তারা তৎপরতা চালিয়েছে। এর আগে ওপেকও সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছিল।

অন্যদিকে, তেল উৎপাদন নিয়ে পরবর্তী বছরের নীতিনির্ধারণে আগামী ২৯ নভেম্বর ধারাবাহিক বৈঠকে বসবেন ওপেক প্লাসের মন্ত্রীরা। তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং রাশিয়াসহ তাদের মিত্র দেশগুলো নিয়ে গঠিত এ জোটের বৈঠকে ২০২৭ সালের উৎপাদননীতি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র: রয়টার্স।