ভোটার তালিকা থেকে বাদ পড়ায় বাংলাদেশে পুশইনের হুমকি, আত্মহত্যা করলেন নারী
ভারতের পশ্চিমবঙ্গের ধূপগুড়িতে বানু বেগম (৪৩) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং প্রতিবেশীদের ‘বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার’ হুমকিতে মানসিক চাপে পড়ে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। যদিও ঘটনার বিস্তারিত তদন্ত করছে রাজ্যটির পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) ধূপগুড়ি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ি থেকে বানুর মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, ভোটার তালিকা সংশোধনের সময় তার স্বামীর নাম থাকলেও বানুর নাম বাদ পড়ে। গত সাত থেকে আট মাস ধরে নাম পুনর্বহালের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেছেন তিনি। এমনকি ট্রাইব্যুনালে মামলা করেও কোনো সুরাহা পাননি।
পরিবারের অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় রেশন ও অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকেও বঞ্চিত হন বানু। পাশাপাশি প্রতিবেশীদের কটূক্তি ও বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকিতে তিনি চরম মানসিক অবসাদে ভুগছিলেন।
স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায় ১২০ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এতে সরকারি সুযোগ-সুবিধা হারানোর আশঙ্কায় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, ক্ষতিপূরণ এবং তালিকা থেকে বাদ পড়া বৈধ ভোটারদের নাম পুনর্বহালের দাবি জানিয়েছে সিপিআইএম। দলটির অভিযোগ, শাসক দলের কারণে এলাকায় ভীতির পরিবেশ তৈরি হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের পাশাপাশি পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।