২২ নভেম্বর ২০২৬, ১৯:৫১

 ৪০৫  টন রাসায়নিক নিয়ে বাংলাদেশগামী জাহাজ আটক করল ইন্দোনেশিয়া

এমভি স্টার লাইন নামের জাহাজটি আটক করেছে ইন্দোনেশিয়ান নৌবাহিনী  © সংগৃহীত

চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটবোঝাই একটি কার্গো জাহাজ জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। দেশটির  উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটিতে থাকা ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে এই রাসায়নিক পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষের দাবি, জব্দ করা রাসায়নিক দিয়ে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব।

ইন্দোনেশিয়ার সম্প্রচারমাধ্যম টিভিওয়ান নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় কমোরোসের পতাকাবাহী জাহাজটি আটক করা হয়। জাহাজের ১৫টি কনটেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের পাশাপাশি লাখ লাখ খালি ফোরজি এলটিই সিম কার্ডও পাওয়া যায়।

সোডিয়াম পারক্লোরেট একটি জারক রাসায়নিক। এটি রকেটের জ্বালানি বা প্রপেল্যান্ট এবং শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। অভিযানের সময় জাহাজটির ৩৬টি কনটেইনারই জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আন্তারা নিউজ।

প্রতিবেদনে আরও বলা হয়, সুমাত্রায় চোরাচালানের দুটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৭ নভেম্বর প্রথম অভিযানে উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় কমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইন আটক করা হয়।

অন্যদিকে, গত ৫ নভেম্বর আচেহ তামিয়াংয়ের কুয়ালা রাজা মুদা উপকূলে মাদক চোরাচালানের আরেকটি চেষ্টা ব্যর্থ করেন লোকসেউমাওয়ে নৌঘাঁটির সদস্যরা। এ সময় তারা ২০ দশমিক ০৭ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন উদ্ধার করেন। কর্মকর্তারা একটি বস্তার ভেতরে চীনা টি-ব্যাগে মোড়ানো মাদকের ২০টি প্যাকেট পান।

ইন্দোনেশীয় নৌবহরের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল দেনিহ হেন্দ্রাতা বলেন, সামুদ্রিক নজরদারি জোরদার এবং সামুদ্রিক অপরাধ দমনে বিভিন্ন সংস্থার সম্মিলিত প্রচেষ্টার ফলেই অভিযান দুটি সফল হয়েছে।

দেশটির নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড কোডেরাল-১-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা বলেন, জাহাজটির বেশ কয়েকটি প্রশাসনিক নথির মেয়াদ ২০২৬ সালের ৮ অক্টোবর শেষ হয়ে গিয়েছিল। এসব নথির বৈধতাও স্থগিত করা হয়েছিল। বিপজ্জনক রাসায়নিক পরিবহনের নিয়ম লঙ্ঘনের অভিযোগে জাহাজটির ক্যাপ্টেন ও নাবিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডেনি সেপ্টিয়ানা জানান, প্রায় ৪ টন সোডিয়াম পারক্লোরেট দিয়ে একটি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। সেই হিসাবে ৪০৫ টন রাসায়নিক দিয়ে সম্ভাব্যভাবে ১০০টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র তৈরি করা যেতে পারে।

তিনি বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানটি চালানো হয়েছে। রাসায়নিকগুলো যথাযথভাবে ব্যবস্থাপনা করা না হলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। তবে জাহাজে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগের তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ করা ব্যক্তিদের কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।