২২ নভেম্বর ২০২৬, ১৭:৪১

স্মৃতিশক্তি ফেরাতে কার্যকর স্প্রে বানালেন বিজ্ঞানীরা, যেভাবে ফেরায় স্মৃতি

প্রতীকী ছবি  © সংগৃহীত

অ্যালঝাইমার্স ও ডিমেনশিয়ার মতো রোগে স্মৃতিশক্তি হারানো মানুষের চিকিৎসায় নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) সমৃদ্ধ একটি বিশেষ ন্যাজাল স্প্রে বা নাকের স্প্রে তৈরি করেছেন তারা। গবেষকদের দাবি, এই স্প্রে মস্তিষ্কে গুরুত্বপূর্ণ একটি প্রোটিনের উৎপাদন বাড়িয়ে স্নায়ুকোষের সুরক্ষা ও সংযোগ ঠিক রাখতে সহায়তা করতে পারে।

গবেষকেরা জানিয়েছেন, এটি সাধারণ নাকের ড্রপ নয়; বরং এক ধরনের লিপিড ন্যানোপার্টিকল। ন্যানোপার্টিকল হলো ১ থেকে ১০০ ন্যানোমিটার আকারের অতি ক্ষুদ্র কণা, যা খালি চোখে দেখা যায় না। এসব কণার মধ্যে এমআরএনএ বহন করা হয়। কোভিড-১৯ মহামারির সময় এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে টিকা তৈরি করা হয়েছিল।

গবেষকদের তৈরি স্প্রেটি নাক দিয়ে শরীরে প্রবেশ করার পর ন্যানোপার্টিকলগুলো শ্বাসনালি পেরিয়ে শরীরের ভেতরে পৌঁছাবে। এরপর এগুলো ‘বিডিএনএফ’ নামের একটি গুরুত্বপূর্ণ প্রোটিন তৈরিতে ভূমিকা রাখবে। এই প্রোটিন মস্তিষ্কের কোষ সুস্থ রাখা এবং স্নায়ুকোষের মধ্যে সংযোগ বজায় রাখতে সহায়তা করে। মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম ও ভারসাম্য রক্ষার পাশাপাশি এটি স্নায়ুকোষের সুরক্ষাকবচ হিসেবেও কাজ করে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, স্মৃতিশক্তি কমে যাওয়া এবং অ্যালঝাইমার্সে আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্কে বিডিএনএফ প্রোটিনের মাত্রা অনেক কম থাকে। সাধারণ নাকের স্প্রে বা ওষুধ দিয়ে এই ঘাটতি পূরণ করা কঠিন। কারণ, সাধারণ ওষুধের উপাদান নাকের মিউকাস মেমব্রেনে দ্রুত ভেঙে যায়। ফলে সেগুলো মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে পারে না। তবে এমআরএনএ বহনকারী ন্যানোপার্টিকল এই বাধা অতিক্রম করতে পারে বলে আশা করছেন গবেষকেরা।

গবেষকদের দাবি, পরীক্ষাগারে ইঁদুরের ওপর চালানো পরীক্ষায় স্প্রেটির কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। মানুষের ওপর পরীক্ষাতেও এটি দ্রুত কাজ করছে বলে জানিয়েছেন তারা। তবে এ চিকিৎসার কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

গবেষকদের আশা, স্প্রেটি সফল হলে ভবিষ্যতে অ্যালঝাইমার্স, ডিমেনশিয়া এবং স্মৃতিশক্তি হারানোর মতো সমস্যার চিকিৎসায় নতুন পথ খুলতে পারে। এতে ওষুধের ওপর নির্ভরতা কিংবা ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের প্রয়োজন কমতে পারে। বয়সজনিত কারণে অথবা দুর্ঘটনার পর স্মৃতিশক্তি কমে যাওয়া ব্যক্তিদের চিকিৎসাতেও এটি কাজে আসতে পারে বলে মনে করছেন গবেষকেরা।