২২ নভেম্বর ২০২৬, ০৮:০৬

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে কোন দেশ

মুসলিম সংখ্যা  © সংগৃহীত

বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা ২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে। একই সঙ্গে ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা ৮০ শতাংশ বেড়ে ২০২ কোটি থেকে ৩৬৪ কোটিতে পৌঁছাতে পারে। এ সময় অনুসারীর সংখ্যার দিক থেকে ইসলাম বিশ্বের সবচেয়ে বড় ধর্মে পরিণত হওয়ার পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ সেন্টার।

পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত ধর্মভিত্তিক জনসংখ্যার পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে। গবেষণা অনুযায়ী, ইসলাম ও খ্রিষ্টান—দুই ধর্মের অনুসারীর সংখ্যাই বাড়বে। তবে মুসলিমদের সংখ্যা বৃদ্ধির হার হবে তুলনামূলক বেশি।

২০২০ থেকে ২০৭০ সাল—এই ৫০ বছরে খ্রিষ্টানদের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ২৯৬ কোটিতে পৌঁছাতে পারে। ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টানদের সংখ্যা ছিল ২২৭ কোটি। তাদের সংখ্যাগত এ বৃদ্ধি মোটামুটি বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

কোন ধর্মের অনুসারী সবচেয়ে দ্রুত বাড়ছে

বিশ্বের প্রধান ধর্মগুলোর অনুসারীদের মধ্যে মুসলিমদের সংখ্যা সবচেয়ে দ্রুত বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, হিন্দু ও ইহুদিদের সংখ্যা বাড়বে বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে ধীরগতিতে। বৌদ্ধধর্মাবলম্বী এবং কোনো ধর্মের অনুসারী নন—এমন মানুষের সংখ্যা কমতে পারে।

গবেষকদের মতে, ধর্মীয় গোষ্ঠীর আকার পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে জনসংখ্যাতাত্ত্বিক কারণের। অনেকে মনে করেন, ধর্ম পরিবর্তনই এ ক্ষেত্রে মূল কারণ। বাস্তবে ধর্ম পরিবর্তনেরও প্রভাব রয়েছে, তবে বেশির ভাগ পরিবর্তন আসে জন্ম ও মৃত্যুর হিসাব থেকে।

পিউ রিসার্চের এ গবেষণায় পাঁচটি বিষয় বিবেচনা করা হয়েছে। এগুলো হলো—জনগোষ্ঠীর বয়সকাঠামো, জন্মহার, মৃত্যুহার, ধর্ম পরিবর্তন ও অভিবাসন।

গবেষণায় বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের সন্তান জন্মদানের গড় হার ছিল ৩ দশমিক ১। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। অন্যান্য ধর্মাবলম্বী ও ধর্মীয় পরিচয়হীন নারীদের ক্ষেত্রে এ হার ১ দশমিক ৬। কোনো জনগোষ্ঠীর মানুষের সংখ্যা আগের অবস্থায় ধরে রাখতে সেই জনগোষ্ঠীর নারীদের গড়ে ২ দশমিক ১টি সন্তান প্রয়োজন।

জন্ম ও মৃত্যুর হিসাব অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা ১৬০ কোটি এবং খ্রিষ্টানদের সংখ্যা ৭৯ কোটি ২০ লাখ বাড়তে পারে।

কোন কোন দেশে সবচেয়ে বেশি মুসলিম থাকবেন

পূর্বাভাস অনুযায়ী, মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি বাড়বে সেসব দেশে, যেখানে বর্তমানে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ। ২০৭০ সালের মধ্যে বিশ্বের ৫৩টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে তাঁদের সংখ্যা ১২০ কোটি বাড়তে পারে। বিশ্বের মোট মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ৭৪ শতাংশই হবে এসব দেশে।

২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের বসবাস ছিল ইন্দোনেশিয়ায়। দেশটিতে মুসলিমদের সংখ্যা ছিল ২৩ কোটি ৯০ লাখ। তবে অল্প ব্যবধানে দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তান শীর্ষস্থানটি দখল করতে পারে।

পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় ২০২০ ও ২০৭০ সালের চিত্র তুলনা করা হয়েছে। তাই ঠিক কোন বছর পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে, তা বলা হয়নি। তবে পাকিস্তানে মুসলিমদের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৪৬ কোটি ১০ লাখ হতে পারে। অন্যদিকে, ইন্দোনেশিয়ায় এ সংখ্যা বাড়বে ১৫ শতাংশ। ফলে ২০৭০ সালের অনেক আগেই দুই দেশের অবস্থান বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

২০৭০ সালের মধ্যে সবচেয়ে বেশি মুসলিমের বসবাসের তালিকায় ভারতের অবস্থান তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে। দেশটিতে মুসলিমদের সংখ্যা ২১ কোটি ৩০ লাখ থেকে বেড়ে ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে।

অন্যদিকে, নাইজেরিয়া পঞ্চম স্থান থেকে উঠে আসবে তৃতীয় স্থানে। দেশটিতে মুসলিমদের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ২৮ কোটি ২০ লাখে পৌঁছাতে পারে। এতে ইন্দোনেশিয়া নেমে যাবে চতুর্থ স্থানে।

২০৭০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসের শীর্ষ ১০ দেশের চারটিই থাকবে আফ্রিকায়। দেশগুলো হলো নাইজেরিয়া, মিসর, ইথিওপিয়া ও সুদান। এ তালিকায় ইথিওপিয়া ও আফগানিস্তান জায়গা করে নেবে। বাদ পড়বে ইরান ও আলজেরিয়া।

এ সময় সুদানে মুসলিমদের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ১১ কোটি ৬০ লাখে পৌঁছাতে পারে। এতে মুসলিম জনসংখ্যার দিক থেকে দেশটি তুরস্ককেও ছাড়িয়ে যাবে।

পিউ রিসার্চ সেন্টারের এ পূর্বাভাসে বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস।

তবে পূর্বাভাস তৈরির ক্ষেত্রে জন্মহার, মৃত্যুহার ও ধর্ম পরিবর্তনের প্রবণতা বিশেষভাবে বিবেচনায় নেওয়া হলেও যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনে এ চিত্র বদলে যেতে পারে। তথ্যসূত্র: আল জাজিরা