ব্রেক্সিটের ১০ বছর পর উল্টো পথে যুক্তরাজ্য, ইইউতে ফেরা নিয়ে আলোচনা
ব্রেক্সিটের এক দশক পর আবারও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে যুক্তরাজ্যে। জোটটির সঙ্গে বাণিজ্যিক ও সামাজিক সম্পর্ক পুনর্গঠনে নতুন চুক্তির উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ব্রাসেলসে ইইউর সঙ্গে শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরেছেন। তবে পূর্ণ সদস্যপদ ফিরে পাওয়ার বিষয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক নানা জটিলতা রয়ে গেছে।
২০১৬ সালে গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য। ওই গণভোটকে কেন্দ্র করে দেশটিতে রাজনৈতিক ও সামাজিক বিভাজন তৈরি হয়েছিল। ‘লিভ’ (ইইউ ছাড়ার পক্ষে) ও ‘রিমেইন’ (ইইউতে থাকার পক্ষে)—এই দুই অবস্থান ব্রিটিশ রাজনীতি ও জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।
ব্রেক্সিটের পর থেকে ইইউর সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। গণভোটের রায়ের পরবর্তী বাস্তবায়ন এবং ব্রাসেলসের সঙ্গে বিভিন্ন সরকারের করা চুক্তি নিয়ে সমালোচনা করেছেন ব্রেক্সিটের সমর্থক ও বিরোধীদের একাংশ। প্রায় অর্ধশতাব্দী ধরে ইইউর সঙ্গে যুক্ত থাকা যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এখনো এই জোট।
শুক্রবার (২০ নভেম্বর) ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বার্নহাম বলেন, ইইউর সঙ্গে প্রত্যাশিত কয়েকটি চুক্তির প্রথমটি বহু বছর আগে ভেঙে যাওয়া সম্পর্কের সেতু পুনর্নির্মাণের উদ্যোগ।
প্রস্তাবিত চুক্তিগুলোতে মূলত তিনটি বিষয় গুরুত্ব পেয়েছে। এগুলো হলো বাণিজ্যিক বিধিনিষেধ শিথিল করা, তরুণদের দুই অঞ্চলের মধ্যে বসবাস ও কাজের সুযোগ বাড়ানো এবং কার্বন নিঃসরণসংক্রান্ত শুল্কের জটিলতা নিরসন। বার্নহাম চুক্তিগুলোকে যুক্তরাজ্যের জন্য ইতিবাচক বলে উল্লেখ করেছেন।
বিশ্লেষকদের মতে, এসব উদ্যোগের মধ্য দিয়ে ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পাশাপাশি জোটটির সঙ্গে যুক্তরাজ্যের ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে সরকার।
ইইউতে ফেরার পক্ষে জনমত কতটা
ব্রেক্সিটের পর একক বাজার ও শুল্ক ইউনিয়ন থেকে বেরিয়ে আসায় যুক্তরাজ্যের বাণিজ্যিক কার্যক্রমে বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে বলে মনে করেন দেশটির অনেক নাগরিক। অতিরিক্ত কাগজপত্র, সীমান্তে তল্লাশি এবং বড় রপ্তানি বাজারে বাণিজ্যিক প্রতিবন্ধকতা বেড়েছে বলে তাঁদের মত। তবে ব্রেক্সিটের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা নেই, এমন মানুষের সংখ্যাও রয়েছে।
জরিপ বিশেষজ্ঞ স্যার জন কার্টিসের মতে, অনিশ্চিত মতামত দেওয়া ব্যক্তিদের বাদ দিলে বিভিন্ন জরিপের গড় হিসাবে ৬২ শতাংশ ব্রিটিশ নাগরিক ইউরোপীয় ইউনিয়নে পুনরায় যোগ দেওয়ার পক্ষে। বিপরীতে ৩৮ শতাংশ মানুষ জোটের বাইরে থাকার পক্ষে।
কার্টিস বলেন, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও ২০১৬ সালের তুলনায় ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে যুক্তরাজ্যের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে।
তবে ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সমর্থন এবং পূর্ণ সদস্যপদ ফিরে পাওয়ার সমর্থনের মধ্যে পার্থক্য রয়েছে। কিছু জরিপে দেখা গেছে, ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার বিকল্প দেওয়া হলে পুনরায় ইইউতে যোগ দেওয়ার পক্ষে সমর্থন প্রায় ৩৫ শতাংশে নেমে আসে।
কার্টিসের মতে, ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে থাকা মানুষের সমর্থনের বড় অংশই তুলনামূলক দুর্বল। অন্যদিকে, পুনরায় সদস্যপদ ফিরে পাওয়ার পক্ষে থাকা প্রায় অর্ধেক মানুষের অবস্থান বেশ দৃঢ়।
গণভোট ছাড়াই কি ফিরতে পারবে যুক্তরাজ্য
কিছু বিশ্লেষকের মতে, নতুন করে গণভোট আয়োজন ছাড়াও ইউরোপীয় ইউনিয়নে ফেরার প্রক্রিয়া শুরু করতে পারে যুক্তরাজ্য সরকার। দেশটির একক লিখিত সংবিধান না থাকায় ইইউর সম্মতি সাপেক্ষে সরকার এ উদ্যোগ নিতে পারে। তবে আইনগত সুযোগ থাকলেও রাজনৈতিকভাবে বিষয়টি বেশ জটিল।
অধ্যাপক কার্টিস মনে করেন, নতুন করে গণভোট ছাড়া ইইউতে ফেরার উদ্যোগ রাজনৈতিকভাবে অজনপ্রিয় হতে পারে।
কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের আইন বিভাগের চেয়ার সিওনাইধ ডগলাস-স্কট বলেন, ২০১৬ সালের ব্রেক্সিট গণভোট আইনগতভাবে বাধ্যতামূলক ছিল না। ফলে আইনগতভাবে এর ফল উপেক্ষা করার সুযোগ ছিল। তবে জনগণের দেওয়া রায় উপেক্ষা করাকে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য মনে করা হয়নি।
ডগলাস-স্কট আরও বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি উপেক্ষা করলে রাজনৈতিক দলগুলোকে বড় মূল্য দিতে হতে পারে। কারণ, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে জনগণের আস্থার ওপর দলগুলো নির্ভরশীল।
তাঁর ধারণা, বার্নহাম ইউরোপীয় ইউনিয়নে পুনরায় যোগ দেওয়ার বিষয়ে গণভোট আয়োজনের কথা বিবেচনা করতে পারেন। জনমতের পরিবর্তনকে কাজে লাগিয়ে এমন উদ্যোগ নেওয়া হতে পারে। তবে গণভোটে ইইউতে ফেরার পক্ষে সংখ্যাগরিষ্ঠের রায় আসবে কি না, তা নিশ্চিত নয়।
ডগলাস-স্কট জানান, ক্ষমতাসীন লেবার পার্টির কয়েকজন জ্যেষ্ঠ নেতা মনে করেন, ইইউতে পুনরায় যোগ দেওয়ার বিষয়টি নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি হিসেবে রাখা উচিত। এতে উদ্যোগটির রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়তে পারে।
ইইউতে ফিরতে হলে যুক্তরাজ্যকে কী ধরনের শর্ত মেনে নিতে হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিশেষ করে ইউরো মুদ্রা গ্রহণ করতে হবে কি না, তা গুরুত্বপূর্ণ। অতীতে যুক্তরাজ্য ইউরো গ্রহণের বিরোধিতা করেছিল। এ ছাড়া ফ্রান্স, জার্মানি ও স্পেনের মতো প্রভাবশালী সদস্যদেশগুলোর নির্বাচন শেষে ইইউর কাঠামো ও ভবিষ্যৎ অবস্থান কী হবে, সেটিও বিবেচনায় রাখতে হবে।
ব্রেক্সিটপন্থীদের বিরোধিতা
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগের বিরোধিতা করছেন যুক্তরাজ্যের ব্রেক্সিটপন্থী রাজনীতিকদের অনেকে। ব্রেক্সিট আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ও রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ বৃহস্পতিবার ব্রাসেলসে গিয়ে বার্নহামের উদ্যোগের সমালোচনা করেন।
ব্রেক্সিটের পক্ষে প্রচার চালানো সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তাঁর মন্ত্রিসভার সাবেক সহকর্মী মাইকেল গভও আবার সক্রিয় হয়েছেন। বর্তমানে একটি সাময়িকীর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা গভসহ এসব নেতার কেউ কেউ ইইউতে পুনরায় যোগ দেওয়া বা সদস্যপদ ধরে রাখার আর্থিক ব্যয় নিয়ে প্রশ্ন তুলছেন।
ব্রেক্সিটের পক্ষে থাকা ‘স্টে আউট’ নামের একটি প্রচারগোষ্ঠীর হিসাব অনুযায়ী, ইইউতে ফিরলে যুক্তরাজ্যের বছরে ৩৯ দশমিক ৩ বিলিয়ন পাউন্ড ব্যয় হতে পারে। ডলারে এর পরিমাণ প্রায় ৫১ দশমিক ৪ বিলিয়ন। অর্থাৎ প্রতি সপ্তাহে ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৭৫০ মিলিয়ন পাউন্ড বা ৯৮২ মিলিয়ন ডলার।
কিংস কলেজ লন্ডনের অধ্যাপক এবং ‘ইউকে ইন আ চেঞ্জিং ইউরোপ’-এর পরিচালক আনন্দ মেনন মনে করেন, ব্রেক্সিট নিয়ে নতুন করে আলোচনার ক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। এগুলো হলো—ব্রেক্সিটের কারণে সৃষ্ট মানসিক আঘাত এবং সাধারণ মানুষের কাছে বিষয়টির গুরুত্ব।
মেনন বলেন, ব্রেক্সিট নিয়ে আগের বিতর্কে অনেক মানুষ মানসিকভাবে আঘাত পেয়েছিলেন। তাঁরা বিষয়টি আবার সামনে আনতে চান না। একই সঙ্গে দেশের প্রধান সমস্যাগুলোর তালিকায় ব্রেক্সিটের গুরুত্বও কমে গেছে।
২০১৬ সালের গণভোটের প্রচারণার প্রসঙ্গ টেনে মেনন বলেন, সে সময় নাইজেল ফারাজের মতো ব্রেক্সিটপন্থীরা অভিবাসন ইস্যুর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিষয়টি যুক্ত করতে পেরেছিলেন। অভিবাসন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগে থেকেই উদ্বেগ ছিল।
বার্নহাম যদি ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগে প্রয়োজনীয় জনসমর্থন ও আগ্রহ তৈরি করতে চান, তাহলে তাঁকেও মানুষের কাছে গুরুত্বপূর্ণ কোনো ইস্যুর সঙ্গে বিষয়টি যুক্ত করতে হবে বলে মনে করেন মেনন।
ব্রেক্সিটের এক দশক পর ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। জনমতের একাংশে ইউরোপীয় ইউনিয়নে ফেরার আগ্রহ বাড়লেও পূর্ণ সদস্যপদ ফিরে পাওয়ার পথ এখনো রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনি নানা প্রশ্নে অনিশ্চিত।
সূত্র: আলজাজিরা