২১ নভেম্বর ২০২৬, ২২:৩৩

বছরব্যাপী তাজা থাকবে এই রুটি, জেনে নিন কারণ

বছর ধরে তাজা থাকে এই রুটি  © সংগৃহীত

জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এমন খাবার মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশের সরকার। যুক্তরাজ্য থেকে জাপান—বিভিন্ন দেশে এমন উদ্যোগের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে দক্ষিণ ইতালির শতাব্দীপ্রাচীন এক বিশেষ রুটি। ‘ফ্রিজেলে’ নামের এই রুটি তৈরি ও সংরক্ষণের পদ্ধতি এতটাই কার্যকর যে সঠিকভাবে রাখলে এক বছর পর্যন্ত ভালো থাকে। সামান্য পানিতে ভিজিয়ে টমেটো, জলপাই তেল ও বিভিন্ন উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায় সুস্বাদু খাবার।

দক্ষিণ ইতালির পুগলিয়া অঞ্চলের সালেন্তো গ্রামে প্রথমবার স্বামীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এই রুটির সঙ্গে পরিচয় হয় লেখকের। দুপুরের খাবারের টেবিলে তিনি দেখেন, এক পাশে লাল টমেটোর স্তূপ, এক বাটি পানি এবং পাথরের মতো শক্ত কিছু গোলাকার রুটি রাখা। স্বামী সেগুলো পানিতে ডুবিয়ে নরম করতে শুরু করেন। রুটিগুলোর নাম ফ্রিজেলে।

ফ্রিজেলে খাওয়ার আগে পানিতে ভিজিয়ে নরম করতে হয়। স্থানীয় ভাষায় এ প্রক্রিয়াকে বলা হয় ‘লা স্পোনজাতুরা’। এতে রুটি নরম হলেও এর কিছুটা মচমচে ভাব বজায় থাকে। এরপর রুটির ওপর পছন্দমতো উপকরণ যোগ করা যায়।

লেখকের শ্বশুরবাড়িতে স্থানীয় শক্ত খোসার টমেটো ‘পোমোদোরি দা পেন্নুলা’ চেপে এর ভেতরের রসালো অংশ রুটির ওপর ছড়িয়ে দেওয়া হয়। এরপর জলপাই তেলে সংরক্ষিত মরিচ, ঘরে তৈরি ক্যাপার, বুনো অরিগ্যানো এবং পুদিনা ও রসুন দিয়ে মেরিনেট করা বেগুন যোগ করা হয়।

পুগলিয়ার প্রতিটি পরিবারেই ফ্রিজেলে পরিবেশনের নিজস্ব ধরন রয়েছে। দেখতে খুব একটা আকর্ষণীয় না হলেও এই সাধারণ রুটি একসময় পুরো অঞ্চলের মানুষের খাদ্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল। দীর্ঘদিন ভালো থাকা এবং সহজে বহন করা যায় বলে নাবিক, কৃষক ও ভ্রমণকারীদের কাছে এর বিশেষ কদর ছিল।

কীভাবে এত দিন ভালো থাকে ফ্রিজেলে

পুগলিয়ার মানুষের ঘরে প্রজন্মের পর প্রজন্ম ধরে ফ্রিজেলে সংরক্ষণ করা হচ্ছে। বর্তমানে গরমের দিনে রান্না করতে ইচ্ছা না হলে কিংবা দ্রুত খাবার তৈরি করতে চাইলে অনেকে এই রুটির ওপর নির্ভর করেন। এর দীর্ঘদিন ভালো থাকার রহস্য লুকিয়ে আছে তৈরির বিশেষ পদ্ধতিতে।

গিয়ানফ্রাঙ্কো পারিসির পরিবারের কাছে রুটি তৈরি ছিল দীর্ঘদিনের ঐতিহ্য। তার দাদা বিংশ শতাব্দীর শুরুর দিকে ইতালির ব্রিন্ডিসির কাছে সান পিয়েত্রো ভের্নোতিকো এলাকায় কাঠের চুলায় রুটি তৈরির বেকারি চালু করেন। সেটি শুধু রুটি তৈরির জায়গা ছিল না। মানুষ নিজেদের তৈরি মণ্ড ও মিষ্টি সেখানে এনে চুলায় সেঁকে নিতেন। শীতকালে বয়স্ক লোকজনও চুলার পাশে বসে শরীর গরম করতেন। পুরো শহরের মানুষের জন্য প্রতিদিন ফ্রিজেলেসহ বিভিন্ন ধরনের রুটি তৈরি করত পারিসির পরিবার।

অবসর নেওয়া পারিসি বলেন, ‘আমরা সামান্য খামির দিয়ে বিশেষ ধরনের মণ্ড তৈরি করতাম, যা রুটিকে আরও সুস্বাদু করত। মণ্ড লম্বা করে গড়িয়ে গোলাকার রুটি তৈরি করতাম। এরপর একটি আরেকটির ওপর রেখে প্রায় ৪০ মিনিট আংশিক সেঁক দেওয়া হতো। পরে সেগুলো বের করে পেঁচানো তার দিয়ে মাঝখান থেকে দুই ভাগ করা হতো।’

তার দিয়ে কাটার ফলে রুটির ভেতরের অংশ কিছুটা অমসৃণ থাকত। এতে পানি ও অন্যান্য উপকরণ সহজে শোষণ করতে পারত রুটি। দুই ভাগ করার পর সেগুলো আবার দেড় ঘণ্টার মতো চুলায় সেঁকা হতো। এতে রুটির ভেতরে থাকা প্রায় সব আর্দ্রতা বের হয়ে যেত।

সাধারণ রুটিতে পর্যাপ্ত পানি থাকায় ছত্রাক জন্মাতে পারে। কিন্তু ফ্রিজেলে ভালোভাবে শুকিয়ে নেওয়ায় এতে আর্দ্রতা খুব কম থাকে। ফলে ছত্রাকের বৃদ্ধি কঠিন হয়ে পড়ে। এ কারণে রুটিটি দীর্ঘদিন ভালো থাকে। তবে এটি এতটাই শক্ত হয় যে দাঁতের ক্ষতি এড়াতে খাওয়ার আগে ভালোভাবে পানিতে ভিজিয়ে নেওয়া জরুরি।

সমুদ্রতীরবর্তী গ্রাম লেন্দুসিনোর কাঠের চুলার বেকারিতে ফ্রিজেলে তৈরি করেন রোসারিয়া কানোচি। তার ভাষ্য, বায়ুরোধী পাত্রে রেখে ঠান্ডা, অন্ধকার ও শুকনো জায়গায় সংরক্ষণ করলে এই রুটি এক বছর পর্যন্ত ভালো থাকে। আগে রুটিগুলো সুতা বা দড়িতে গেঁথে ঝুলিয়ে রাখা হতো, যাতে আর্দ্রতা ও পোকামাকড় থেকে সুরক্ষিত থাকে। এখন কানোচি প্লাস্টিকের ব্যাগে ভালোভাবে মুড়ে তাকের ওপর সংরক্ষণ করেন।

দীর্ঘ সমুদ্রযাত্রার জন্য তৈরি হয়েছিল এই রুটি

ইতালির মানচিত্রে বুটের গোড়ালির মতো দেখতে পুগলিয়া ভূমধ্যসাগরের দিকে প্রসারিত। অঞ্চলটি দীর্ঘদিন ধরে নাবিক ও কৃষকদের আবাসস্থল। পূর্বে অ্যাড্রিয়াটিক সাগর, দক্ষিণে আয়োনিয়ান সাগর এবং ভেতরের দিকে বিস্তৃত উর্বর কৃষিজমি—সব মিলিয়ে এখানকার মানুষের দীর্ঘ যাত্রা ও বাড়ির বাইরে দিনের পর দিন থাকার প্রয়োজন হতো। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, সহজে বহন করা যায়—এমন খাবারের প্রয়োজন ছিল। ফ্রিজেলে সেই চাহিদা পূরণ করেছিল।

‘পুগলিয়া: আ কুকিং জার্নি থ্রু আ ল্যান্ড অ্যান্ড ইটস ইউনিক ইনগ্রেডিয়েন্টস’ বইয়ের লেখক ও খাদ্য ইতিহাসবিদ ফ্লাভিয়া জিওর্দানো জানান, প্রায় দুই হাজার বছর আগে থেকেই দীর্ঘ সমুদ্রযাত্রায় নাবিকদের সঙ্গে শক্ত রুটি বহনের প্রচলন ছিল। তিনি গবেষক প্রেদ্রাগ মাতভেয়েভিচের উদ্ধৃতি দিয়ে বলেন, খ্রিষ্টীয় প্রথম শতকে রোমান লেখক প্লিনি দ্য এল্ডার ‘পানিস নাউটিকাস’ নামে দুইবার সেঁকা নাবিকদের রুটির কথা উল্লেখ করেছিলেন।

জিওর্দানো বলেন, ‘দীর্ঘ সমুদ্রযাত্রায় টিকে থাকার জন্য এই দুইবার সেঁকা রুটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে পুগলিয়ার বন্দর দিয়ে পবিত্র ভূমির দিকে যাত্রা করা ক্রুসেডার, তীর্থযাত্রী ও অভিযাত্রীদের প্রধান খাবার হয়ে ওঠে এটি।’

ফ্রিজেলে তৈরিতে ব্যবহৃত শস্যের ধরনও পুগলিয়ার অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের গল্প তুলে ধরে। পারিসির স্মৃতিচারণায় উঠে আসে, ১৯৬০-এর দশকে মানুষ বার্লি দিয়ে তৈরি ফ্রিজেলে কিনতে চাইত না। কারণ, বার্লিকে তখন দরিদ্র মানুষের খাবার হিসেবে বিবেচনা করা হতো।

পারিসি বলেন, ‘মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসছিল। তখন তাদের সবকিছু খেতে হতো। তাই তারা ধনীদের মতো আরও ভালো খাবার খেতে চাইত। গম তুলনামূলক নরম ও পরিশীলিত।’