২০ নভেম্বর ২০২৬, ১০:০১

পারিশ্রমিক না পেয়ে যাত্রাপালা ছাড়লেন ভুবন, কীর্তন ও মিটআপ করে চলছে সংসার

ভুবন বাদ্যকর  © সংগৃহীত

একসময় ‘কাঁচা বাদাম’ গান গেয়ে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের ভুবন বাদ্যকর। সেই পরিচিতি কাজে লাগিয়ে মুম্বাইয়ের রিয়েলিটি শো থেকে শুরু করে মিউজিক ভিডিও—সবখানেই জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে কমেছে জনপ্রিয়তা। এবার প্রায় ৬৭ হাজার টাকা পারিশ্রমিক বকেয়া থাকায় যাত্রাপালায় অভিনয়ও ছেড়ে দিয়েছেন ভুবন। বর্তমানে ফেসবুক মিটআপ ও বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে কোনোমতে সংসার চালাচ্ছেন তিনি।

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থানার প্রত্যন্ত কুড়ালজুরি গ্রামের বাসিন্দা ভুবন একসময় বাদাম বিক্রি করতেন। সাইকেলের পেছনে বাদামের বস্তা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রির সময় নিজের সুরে গান বাঁধতেন তিনি। এক পথচারীর ধারণ করা তার গানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিচিতি পান ভুবন। পরে ‘কাঁচা বাদাম’ গানটি দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পায়।

এই গানের সুবাদে বদলে যায় ভুবনের জীবন। মুম্বাইয়ে যাওয়ার সুযোগ পান তিনি। অংশ নেন জনপ্রিয় রিয়েলিটি শোতে। নামিদামি তারকাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিওতেও কাজ করেন। গানের পরিচিতি ও আয় দিয়ে মাটির বাড়ি ছেড়ে পাকা বাড়িও নির্মাণ করেন।

তবে সময়ের সঙ্গে ভুবনকে ঘিরে আগের সেই উন্মাদনা কমে যায়। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও আগের মতো দেখা যায় না তাকে। এর মধ্যে জীবিকার তাগিদে কিছুদিন যাত্রাপালায় অভিনয় শুরু করেছিলেন তিনি। কিন্তু কাজ করেও ঠিকমতো পারিশ্রমিক না পাওয়ায় বিপাকে পড়েন।

ভুবন জানান, যাত্রাপালায় অভিনয়ের জন্য তার প্রায় ৬৭ হাজার টাকা পারিশ্রমিক বকেয়া পড়ে আছে। বারবার কাজ করেও পাওনা টাকা না পাওয়ায় শেষ পর্যন্ত যাত্রাপালার কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

বর্তমানে বিভিন্ন জায়গায় ফেসবুক মিটআপের আমন্ত্রণ পেলে সেখানে অংশ নেন ভুবন। এসব আয়োজন থেকে সামান্য যে আয় হয়, তা দিয়েই কোনোমতে সংসার চালাচ্ছেন। পাশাপাশি মাঝেমধ্যে কীর্তন বা বাউল গানের দল থেকে ডাক পেলে সেখানে গান গাইতে যান তিনি।

সূত্র: নিউজ১৮