২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ
২০৩৫ সালের মধ্যে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। খবর আল জাজিরা।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে মুসলিম জনসংখ্যার সম্ভাব্য বৃদ্ধির চিত্র তুলে ধরেছে গবেষণা সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দশকে মুসলিম ও খ্রিষ্টান—উভয় সম্প্রদায়ের জনসংখ্যাই বাড়বে। তবে মুসলিম জনসংখ্যা ‘শুধু তুলনামূলক দ্রুতগতিতে বাড়বে’।
এই পূর্বাভাস তৈরিতে ২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করেছে পিউ রিসার্চ সেন্টার। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস। ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সাতটি ধর্মীয় গোষ্ঠী ও ধর্মীয় পরিচয়ের মানুষের ভৌগোলিক বিস্তার এবং জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বী ও ধর্মীয় পরিচয়হীন মানুষ।
পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রজেক্টের অংশ হিসেবে এ গবেষণা পরিচালিত হয়েছে। বিশ্বে ধর্মীয় পরিবর্তন এবং এর প্রভাব বিশ্লেষণ করাই এ প্রকল্পের লক্ষ্য।
পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, এই গবেষণার ফলাফল দিয়ে বিশ্বের ভবিষ্যৎ পরিবর্তনের সব দিক অনুমান করার চেষ্টা করা হয়নি। কারণ, আর্থসামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধের মতো বিভিন্ন ঘটনা মানুষের ধর্মীয় পরিচয়ে প্রভাব ফেলতে পারে।
জনসংখ্যা বৃদ্ধিতে বেশি সন্তান জন্মদানের প্রভাব
প্রতিবেদন অনুযায়ী, মুসলিম নারীরা অন্য ধর্মের নারীদের তুলনায় বেশি সন্তান জন্ম দেন। পিউ রিসার্চের মতে, মুসলিমদের বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মীয় গোষ্ঠীতে পরিণত হওয়ার পেছনে এটি অন্যতম কারণ।
গবেষণায় দেখা গেছে, একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তান জন্ম দেন। অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ প্রজনন হার খ্রিষ্টান নারীদের। তাঁদের ক্ষেত্রে একজন নারী গড়ে ২ দশমিক ৫টি সন্তান জন্ম দেন।
সাধারণত একজন নারীপ্রতি ২ দশমিক ১টি সন্তান জন্মদানের হারকে একটি প্রজন্মের জনসংখ্যা নিজের সংখ্যা ধরে রাখার জন্য প্রয়োজনীয় বলে বিবেচনা করা হয়।
পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, মুসলিম ও খ্রিষ্টান—উভয় সম্প্রদায়ের জনসংখ্যা বিশ্বের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়বে।
প্রাকৃতিক জনসংখ্যা পরিবর্তনের ফলে মুসলিম জনসংখ্যায় সর্বোচ্চ ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনসংখ্যায় যুক্ত হতে পারে ৭৯ কোটি ২০ লাখ মানুষ।
ধর্ম পরিবর্তনের কারণে জনসংখ্যা হ্রাস
ধর্ম ত্যাগ বা অন্য ধর্ম গ্রহণের কারণে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা যে পরিমাণ কমবে, খ্রিষ্টান সম্প্রদায়ের ক্ষেত্রে সেই সংখ্যা তুলনামূলক অনেক বেশি হবে বলে পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসলাম গ্রহণকারী ও ইসলাম ত্যাগকারীর সংখ্যার পার্থক্যের কারণে পূর্বাভাসের সময়কালে মুসলিম জনসংখ্যা ৮০ লাখ কমবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, খ্রিষ্টানদের ক্ষেত্রে ধর্ম গ্রহণ ও ত্যাগের সংখ্যার পার্থক্যের ফলে ১০ কোটি ৫০ লাখ মানুষের নিট ঘাটতি দেখা যেতে পারে।’
খ্রিষ্টধর্ম ত্যাগ করা ব্যক্তিদের একটি অংশ পরবর্তী সময়ে কোনো ধর্মের অনুসারী হিসেবে নিজেদের পরিচয় নাও দিতে পারেন। তাঁদের মধ্যে নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও থাকতে পারেন।
তবে গবেষণায় দেখা গেছে, ইসলাম গ্রহণের কারণে মুসলিম জনসংখ্যা বাড়বে—এমন নয়। বরং খ্রিষ্টধর্ম থেকে ইসলামে ধর্মান্তরিত হওয়ার তুলনায় ইসলাম থেকে খ্রিষ্টধর্ম গ্রহণকারীর সংখ্যা সামান্য বেশি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দেশভেদে জনসংখ্যা বৃদ্ধির চিত্র
পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের মুসলিম জনসংখ্যার অধিকাংশ বৃদ্ধি ঘটবে এমন দেশগুলোতে, যেখানে বর্তমানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ।
২০৭০ সালের মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। অন্যদিকে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিম জনসংখ্যা ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যাকে ছাড়িয়ে যেতে পারে।
২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। ২০৭০ সালের মধ্যে এসব দেশে আরও ১২০ কোটি মুসলিম বসবাস করতে পারেন। বিশ্বে মুসলিম জনসংখ্যার সম্ভাব্য মোট বৃদ্ধির ৭৪ শতাংশই হবে এসব দেশে।
উদাহরণ হিসেবে পাকিস্তানের কথা উল্লেখ করেছে পিউ রিসার্চ। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, দেশটির মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এর মধ্য দিয়ে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে পাকিস্তান।
অন্যদিকে, খ্রিষ্টান জনসংখ্যার বৃদ্ধিও মূলত এমন ১২০টি দেশে কেন্দ্রীভূত থাকবে, যেখানে বর্তমানে খ্রিষ্টানরা সংখ্যাগরিষ্ঠ।
সামগ্রিকভাবে, এসব দেশে খ্রিষ্টান জনসংখ্যা ৬৩ কোটি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্বের মোট খ্রিষ্টান জনসংখ্যা বৃদ্ধির ৯২ শতাংশই ঘটবে এসব দেশে।