১৮ নভেম্বর ২০২৬, ১৬:৫৬

ক্যামব্রিজের বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’, নেপথ্যে এআই আতঙ্ক 

বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে হিউম্যান  © সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের মধ্যে মানুষের স্বকীয়তা, চিন্তাশক্তি ও অনুভূতির গুরুত্ব তুলে ধরতে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে ‘হিউম্যান’ নির্বাচন করেছে ক্যামব্রিজ ডিকশনারি। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষ ও যন্ত্রের পার্থক্য ক্রমেই অস্পষ্ট হয়ে ওঠার প্রেক্ষাপটে শব্দটিকে বেছে নিয়েছে অভিধানটি।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক ঘোষণায় ক্যামব্রিজ ডিকশনারি কর্তৃপক্ষ জানায়, এআইয়ের প্রভাব মানুষের মানবিক সত্তা নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে। এমন বাস্তবতায় ‘হিউম্যান’ শব্দটি বর্তমান সময়ের সাংস্কৃতিক ভাবনা ও উদ্বেগকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে।

ক্যামব্রিজ ডিকশনারির অভিধানবিদ কলিন ম্যাকিনটোশ বলেন, এআই মানুষের মানবিক সত্তা সম্পর্কে আলোচনার ধরন বদলে দিচ্ছে। নিজেদের চিন্তাভাবনার দায়িত্ব প্রযুক্তির হাতে ছেড়ে দিলে মানুষ কী হারাতে পারে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গণিতবিদ থেকে শুরু করে শিশুদের শিক্ষক—সবাই এখন এআইয়ের ওপর নির্ভরতার মাত্রা নিয়ে নতুন করে ভাবছেন।

লাতিন শব্দ ‘হিউম্যানাস’ থেকে এসেছে ‘হিউম্যান’। পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি, অর্থাৎ ১৪৫০-এর দশক থেকে শব্দটির ব্যবহার শুরু হয়। ক্যামব্রিজ ডিকশনারির সংজ্ঞা অনুযায়ী, দেবতা, প্রাণী কিংবা যন্ত্রের বিপরীতে মানুষের যেসব গুণাবলি, ত্রুটি ও অনুভূতি রয়েছে, সেগুলোই বোঝায় ‘হিউম্যান’ শব্দটি।

এর আগেও বিভিন্ন অভিধানের বর্ষসেরা শব্দ নির্বাচনে প্রভাব ফেলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ২০২৩ সালে কলিন্স ডিকশনারি ‘এআই’ শব্দটিকে বর্ষসেরা ঘোষণা করে। একই বছর ক্যামব্রিজ ডিকশনারির নির্বাচিত শব্দ ছিল ‘হ্যালুসিনেট’, যা এআইয়ের মনগড়া তথ্য তৈরির প্রবণতাকে নির্দেশ করে। গত বছর মেরিয়াম-ওয়েবস্টার ‘স্লপ’ এবং কলিন্স ডিকশনারি ‘ভাইব কোডিং’ শব্দকে বর্ষসেরা নির্বাচন করে।

ক্যামব্রিজ ডিকশনারির এ নির্বাচনকে সমর্থন করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর মতে, এআইয়ের সাফল্য পরিমাপ করা উচিত মানুষের জীবনকে কতটা উন্নত করতে পারছে, তার ভিত্তিতে।